যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ওয়াশিংটনের হুমকি ও অপমানজনক বক্তব্যকে ‘হতাশার লক্ষণ’ উল্লেখ করে তিনি আগের সাতটি শর্তও পুনর্ব্যক্ত করেছেন।
মঙ্গলবার গালিবাফের বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইরান বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স। তেহরানের পক্ষে প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করা গালিবাফ বলেন, ‘আমাদের অবস্থান আগেও যা জানিয়েছি, এখনো তাই। সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হবে না। কোনো আলোচনাও হবে না।’
ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে- বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, নিষেধাজ্ঞা শিথিল করা, জব্দ করা অর্থ ছাড়, সব ফ্রন্টে সংঘাত বন্ধ এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষের ঘোষণা দেওয়া।
গালিবাফ বলেন, যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব দিতে তাঁরা প্রস্তুত। প্রতিপক্ষ কোনো ভুল হিসাব করলে সংঘাতের ভৌগোলিক পরিসরও বদলে যেতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক মন্তব্যের জবাবে মূলত এসব কথা বলেন গালিবাফ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট লেখেন, ‘সাপের মাথা পুঁতে ফেলা’ পর্যন্ত তাঁর দপ্তর ইরানের অবৈধ আর্থিক নেটওয়ার্কগুলো ভেঙে দেওয়ার কাজ চালিয়ে যাবে।
সোমবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায়, ইরানের বৈশ্বিক গোপন ব্যাংকিং নেটওয়ার্ক ভেঙে দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে দুই ডজনের বেশি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, ভুয়া কোম্পানি ও গুরুত্বপূর্ণ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
-টিএস