ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম
X

খুলনা থেকে ঢাকা যাতায়াত আরও সহজ ও সময়সাশ্রয়ী করতে আগামী জানুয়ারি মাসে নতুন একটি বিরতিহীন ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আলী আসগর লবী বলেন, খুলনা-ঢাকা রুটে যাত্রীদের দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনা করে নতুন বিরতিহীন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারিতেই ট্রেনটির চলাচল শুরু হবে। এতে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে।

তিনি জানান, ভারত থেকে দ্বিতীয় দফায় নতুন কোচ আসার পর খুলনা-ঢাকা রুটের পাশাপাশি মোংলা-ঢাকা রুটেও নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের রেল যোগাযোগ সম্প্রসারিত হওয়ার পাশাপাশি মোংলা থেকে রাজধানীমুখী বাণিজ্যিক যোগাযোগও বাড়বে।

এ ছাড়া খুলনা বিভাগের আরও তিনটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে সাতক্ষীরায় ৩৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রেলওয়ের লোকসান প্রসঙ্গে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, রেল খাতকে লাভজনক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। যাত্রীসেবার মান উন্নয়নের পাশাপাশি আয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, টিকিটের কালোবাজারি বন্ধ, অনিয়ম-দুর্নীতি নিয়ন্ত্রণ এবং বিদ্যমান সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রেলওয়ের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে স্টেশন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন আলী আসগর লবী।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝