ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সমন্বিত সামাজিক আন্দোলনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:০৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারকে মূল ভিত্তি ধরে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে সরকার। শিশুশ্রম নিরসন ও শ্রমিকদের অধিকার রক্ষার বিষয়গুলো ইশতেহারের সঙ্গে সরাসরি যুক্ত। তাই নানা সীমাবদ্ধতার মধ্যেও এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ইনসেপশন অব দ্য প্রজেক্ট: রিডাকশন অব চাইল্ড লেবার ইন দ্য ইনফরমাল রেডিমেড গার্মেন্ট (আরএমজি) সেক্টর অ্যাট কেরানীগঞ্জ উপজেলা অব ঢাকা ডিস্ট্রিক্ট, থ্রু আ হোলিস্টিক অ্যাপ্রোচ’ শীর্ষক এ অনুষ্ঠানে মাহ্দী আমিন বলেন, শিশুশ্রম নিরসনে প্রণীত পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনার বাস্তবায়ন অনেক দূর এগিয়েছে। সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে টেকসই ও বাস্তবসম্মত উপায়ে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তবে শুধু শ্রমঘন এলাকাগুলোতে বিচ্ছিন্নভাবে কাজ করে শিশুশ্রম পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়।

তিনি বলেন, কোনো পরিবার যাতে শিশুশ্রমে উৎসাহিত না হয়, সে জন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। প্রাক্‌-প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মিড-ডে মিল, স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারের পাঁচ বছরের মেয়াদের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের এক কোটির বেশি শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শ্রেণিকক্ষে থাকার বয়সী শিক্ষার্থীরা যাতে কারখানায় কাজ করতে না যায়, সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক একটি পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বাল্যবিবাহ প্রতিরোধের মতো শিশুশ্রম নিরসনেও বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বাড়িয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানবাধিকার ও নারী অধিকারকর্মী অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপস মিখাল ক্রেইজা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ও অ্যাডউইব প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আব্দুস সামাদ আল আজাদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের লেবার অ্যান্ড ওয়ার্কপ্লেস রিলেশনস অ্যাডভাইজার মাহফুজুর রহমান ভূঁইয়া এবং সোশ্যালিস্ট লেবার ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝