ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিচার হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিচার করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয়, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। তিনি ফিরলে তাঁর বিচার হবে। কারণ, দেশের মানুষ তাঁর বিচার দেখার অপেক্ষায় আছেন।

মঙ্গলবার দুপুরে বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, সত্যকেও চিরদিন আড়াল করে রাখা সম্ভব নয়। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—এই ঐতিহাসিক সত্য পরিবর্তন করা সম্ভব নয়। এ সময় প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, খালেদা জিয়া সারাজীবন আপসহীন ছিলেন।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান দেশে ফেরার দিন ঢাকায় অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁকে স্বাগত জানাতে সমবেত হয়েছিলেন। অন্যদিকে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয়েছিল। এ দুটি ঘটনা জনগণের প্রকৃত ভালোবাসা ও সমর্থন কোন দিকে, তা স্পষ্ট করে।

বিএনপির জনপ্রিয়তার প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া দলটি যুগের পর যুগ মানুষের আস্থা ও সমর্থন ধরে রাখতে পেরেছে। জনগণের ভালোবাসা ও বিশ্বাসই বিএনপির সবচেয়ে বড় শক্তি।

বক্তব্যের একপর্যায়ে জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, তাঁরা বেহেশতের নিশ্চয়তা দিতে না পারলেও উন্নয়নের নিশ্চয়তা দিতে চান। আর জামায়াত বেহেশতের লোভ দেখাতে পারে।

জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রতিমন্ত্রী আরও বলেন, দলটি বড় বড় কথা বললেও মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত কোনো উদ্যোগ নেয়নি। বিপরীতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এসব ধর্মীয় কর্মীর জন্য মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন বলে দাবি করেন তিনি।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া চান প্রতিমন্ত্রী।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এর আগে প্রধানমন্ত্রীকন্যা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে সৈয়দপুর উচ্চবিদ্যালয় মাঠে দুই হাজার দরিদ্র মানুষের চোখের চিকিৎসাসেবা দেয় মীর শাহে আলম ফাউন্ডেশন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝