ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিরোধী দলকে দমন-পীড়নে হাসিনার হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:০০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, বিরোধী দল দমন-পীড়নে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের আশ্রয়-প্রশ্রয়ে একের পর এক অপকর্ম করেছেন জিয়াউল আহসান, যা সাক্ষীদের জবানবন্দি থেকে উঠে এসেছে। তার একজন সহযোগী কমান্ডার সোহেল নিজের আজ্ঞাবহ কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে নৌকায় করে চরদুয়ানীসহ বিভিন্ন অপারেশনে যেতেন। ওই সাংবাদিকরা ফিরে এসে নিজেদের ভাষ্যমতো সংবাদ প্রচার করতেন। তারা প্রকৃত সংবাদ গোপন করতেন। এছাড়া তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির, মেজর দেলোয়ার হোসেনসহ অন্য সাক্ষীদের বক্তব্যে জিয়াউল আহসানের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডের বিষয়টি উঠে এসেছে।

জিয়াউল আহসানের বিরুদ্ধে হত্যার অভিযোগের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, সামরিক কর্মকর্তাদের সাক্ষ্যে পাওয়া তথ্য অনুযায়ী জিয়াউল আহসানের হাতে সরাসরি ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। আমরা এসব সাক্ষীর বর্ণনামতে যা পেয়েছি, তাতে মনে হয়েছে ১৫০ থেকে ২০০ লোককে বিভিন্ন সময়ে নির্বিচারে হত্যা করেছেন তিনি। তবে আমরা প্রায় ১১৫ জনের মতো শনাক্ত করতে পেরেছি। জিয়াউল আহসানের দানবীয় সব কর্মকাণ্ডই তুলে ধরেছেন সাক্ষীরা।

তিনি বলেন, এত অপকর্মের পরও বারবার পদোন্নতি পেয়েছেন জিয়াউল আহসান। মেজর জেনারেল হয়েছেন। মাতৃবাহিনীতে না গিয়ে স্বৈরাচারী কায়দায় তৎকালীন র‍্যাবে দীর্ঘদিন কাটিয়েছেন তিনি। শেখ হাসিনার চাহিদা অনুযায়ী ভিন্ন রাজনৈতিক দল দমন-পীড়নে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছেন।

চিফ প্রসিকিউটর বলেন, সেনাপ্রধান নিজেও বলেছেন, জিয়াউল আহসান তার নিয়ন্ত্রণে ছিলেন না। বিরোধী দল দমন-পীড়নে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন তিনি। এছাড়া তিনি ডিপ টেস্টের অন্যতম সদস্য হিসেবেও পরিচিত ছিলেন।

আমিনুল ইসলাম আরও বলেন, জিয়াউল আহসানের মামলা দিয়েই গুমের বিচার প্রথম শুরু হয়েছে। বাংলাদেশের ইতিহাসে গুমের ঘটনায় ট্রাইব্যুনালে প্রথম যুক্তিতর্ক হচ্ছে। এ মামলায় সামরিক কর্মকর্তাদের সাক্ষ্য গুরুত্বপূর্ণ। কারণ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরাই এসব বিষয়ে জানতেন। এজন্য তাদের মধ্য থেকে কয়েকজনকে আসামির পরিবর্তে সাক্ষী করা হয়েছে। অপরাধের সহযোগীদের সাক্ষী করার বিধান দেশের ফৌজদারি বিচারব্যবস্থায় রয়েছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝