ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাটির নিচে মিলল ইতিহাসের এক বিস্ময়কর মসজিদ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

লালমনিরহাট জেলা সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের নিভৃত গ্রাম রামদাস মৌজা। এই গ্রামেই দাঁড়িয়ে আছে এক সুপ্রাচীন স্থাপনা, যা দেশ-বিদেশে ‘হারানো মসজিদ’ বা ‘লস্ট মস্ক’ নামে পরিচিত। মাটির নিচ থেকে উদ্ধার হওয়া এই মসজিদটির শিলালিপি ও স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এর প্রতিষ্ঠাকাল ৬৯ হিজরি বা ৬৮৮-৬৮৯ খ্রিস্টাব্দ। সেই হিসাবে স্থানীয়দের অনেকেই এটিকে দক্ষিণ এশিয়ার প্রথম মসজিদ হিসেবে দাবি করে থাকেন।

মসজিদটি আবিষ্কারের পেছনে রয়েছে কৌতূহলোদ্দীপক এক ঘটনা। রামদাস মৌজায় দীর্ঘদিন ধরে একটি পতিত জঙ্গল ছিল, যা স্থানীয়দের কাছে ‘মজদের আড়া’ নামে পরিচিত ছিল। আঞ্চলিক ভাষায় ‘আড়া’ শব্দের অর্থ জঙ্গলময় স্থান। একসময় জঙ্গল পরিষ্কার করতে গিয়ে মাটির নিচে প্রাচীনকালের কিছু ইট বেরিয়ে আসে।

স্থানীয় এক ব্যক্তি কৌতূহলবশত তেমনই কয়েকটি ইট বাড়িতে নিয়ে যান এবং দীর্ঘদিন ফেলে রাখেন। পরে একদিন হাতের স্পর্শে ইটের গায়ে খোদাই করা কিছু অনুভব করলে তিনি সেটি পানি দিয়ে ধুয়ে ফেলেন। তাতে স্পষ্টভাবে আরবি হরফে ‘৬৯ হিজরি’ লেখা ভেসে ওঠে। এরপর গ্রামবাসী মাটি ও জঙ্গল সরিয়ে খননকাজ চালালে পুরো একটি প্রাচীন মসজিদের ভিত ও শিলালিপির সন্ধান পাওয়া যায়।

‘স্থানীয়রা এটিকে ৬৯ হিজরির মনে করলেও ইন্টারনেটে পড়ে জেনেছি, এখানে পাওয়া ধ্বংসাবশেষের কার্বন ডেটিং অনুযায়ী এটি অষ্টাদশ শতকের শুরুর দিকের হতে পারে। তবে ইতিহাস যা-ই হোক, দেশের অন্যান্য ঐতিহাসিক স্থাপনার মতো এটিও দীর্ঘদিন অবহেলিত ছিল। এখন নতুন ভবন হয়েছে, ভেতরে কিছু ধ্বংসাবশেষ রাখা হয়েছে। অন্য দেশে হলে এমন স্থাপনা আরও যত্নসহকারে সংরক্ষণ করা হতো। প্রত্নতত্ত্ব বিভাগের উচিত এসব জায়গায় আরও গুরুত্ব দেওয়া।’

স্থানীয় বাসিন্দা ও ‘হারানো মসজিদ কমিটি’র সদস্যদের দাবি, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর একজন সাহাবী এই অঞ্চল দিয়ে চীনে যাওয়ার পথে মসজিদটি নির্মাণ করেছিলেন। স্থানীয়দের কাছে তিনি নবীজির মামা হযরত আবু ওয়াক্কাস (রা.) হিসেবে পরিচিত।

নামাজ পড়তে আসা স্থানীয় যুবক আব্দুল কাদের বলেন, বিদায় হজের ভাষণে নবীজি (সা.) বলেছিলেন, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যের কাছে পৌঁছে দাও। তখন লাখো সাহাবী দ্বীন প্রচারের জন্য পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েন। ধারণা করা হয়, হযরত আবু ওয়াক্কাস (রা.) ধর্ম প্রচারের উদ্দেশ্যে লালমনিরহাটের এই স্থানে এসেছিলেন এবং পরে চীনে পাড়ি জমান।

মসজিদ কমিটির সদস্য মোহাম্মদ ইমদাল হক জানান, পূর্বপুরুষদের কাছ থেকে শুনে আসছি, হযরত আবু ওয়াক্কাস (রা.)-সহ চারজন সাহাবী এসে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। তিনি এই পথ দিয়ে চীনে গিয়েছিলেন অথবা চীন থেকে এখানে এসেছিলেন। চীনে তার মাজার রয়েছে। মাটি খুঁড়ে পাওয়া প্রাচীন ধ্বংসাবশেষগুলো ভেতরে সংরক্ষণ করে আলাদাভাবে নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাসহ দেশের অসংখ্য গণমাধ্যমে এই মসজিদটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকেই এখানে দেশ-বিদেশের দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে।

ঢাকা থেকে আসা পর্যটক উজ্জ্বল চৌধুরী বলেন, লালমনিরহাটের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ঘুরে দেখছি। ৬৯ হিজরির এই মসজিদ ও ভেতরে রাখা প্রাচীন ধ্বংসাবশেষ দেখে খুব ভালো লাগল। এখানে এসে এক ধরনের প্রাচীন আবহ অনুভব করা যায়। এই অঞ্চলে যে অনেক আগেই ইসলামের আগমন ঘটেছিল, এটি তারই একটি নিদর্শন।

আরেক পর্যটক আশিক মাহমুদ কাজের সূত্রে লালমনিরহাটে এসে গুগলে খুঁজে মসজিদটি দেখতে আসেন। তবে ইতিহাস ও সংরক্ষণ নিয়ে তিনি কিছুটা ভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেন।

তিনি বলেন, স্থানীয়রা এটিকে ৬৯ হিজরির মনে করলেও ইন্টারনেটে পড়ে জেনেছি, এখানে পাওয়া ধ্বংসাবশেষের কার্বন ডেটিং অনুযায়ী এটি অষ্টাদশ শতকের শুরুর দিকের হতে পারে। তবে ইতিহাস যা-ই হোক, দেশের অন্যান্য ঐতিহাসিক স্থাপনার মতো এটিও দীর্ঘদিন অবহেলিত ছিল। এখন নতুন ভবন হয়েছে, ভেতরে কিছু ধ্বংসাবশেষ রাখা হয়েছে। অন্য দেশে হলে এমন স্থাপনা আরও যত্নসহকারে সংরক্ষণ করা হতো। প্রত্নতত্ত্ব বিভাগের উচিত এসব জায়গায় আরও গুরুত্ব দেওয়া।

দীর্ঘ সময় তত্ত্বাবধান ও অনুদানের অভাবে মসজিদটি জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে ছিল। পরে লন্ডন প্রবাসী ইমাম তাজুল ইসলামের নজরে বিষয়টি এলে তিনি নিজ উদ্যোগে এর উন্নয়নকাজ শুরু করেন। পরবর্তীতে যুক্তরাজ্যভিত্তিক ‘আন-নূর ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর সহযোগিতায় মসজিদটিকে আধুনিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

২০২১ সাল থেকে এখানে নির্মাণের কাজ শুরু হয়েছে, যা এখনো চলমান। মসজিদের আধুনিকায়নের পাশাপাশি আগে থেকেই চালু থাকা হেফজ বিভাগের সঙ্গে যুক্ত হয়েছে শিশুদের জন্য একটি প্রি-ক্যাডেট মাদরাসা।

প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ও প্রাচীন ঐতিহ্যের কথা বিবেচনা করে সরকার যদি পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেয়, তবে এটি দেশের অন্যতম আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝