ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:১০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে পৌঁছেছে রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের আরও একটি চালান। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে তিনটি বিশেষায়িত লরিতে করে আনা পারমাণবিক জ্বালানি পাবনার ঈশ্বরদীতে অবস্থিত প্রকল্প এলাকায় নেওয়া হয়। এটি প্রকল্পে পৌঁছানো ইউরেনিয়ামের অষ্টম চালান।

ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে লরিগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ পর্যন্ত প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত এক চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাত চালানসহ মোট আট চালান পারমাণবিক জ্বালানি দেশে এসেছে। পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, মোট নয়টি চালানে এসব জ্বালানি সরবরাহ করা হবে।

এদিকে, ইউরেনিয়াম সরবরাহের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রমও এগিয়ে চলছে। রূপপুরের প্রথম ইউনিট থেকে সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এ দফায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছিল কেন্দ্রটির প্রথম ইউনিট। ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে গ্রিডের সঙ্গে যুক্ত হওয়ার পর টানা সাড়ে আট ঘণ্টার বেশি উৎপাদন চলে। এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। পরে রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, রূপপুরের প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। পরীক্ষামূলক কার্যক্রমে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। গ্রিডের স্থিতিশীলতা বিবেচনায় বর্তমানে তা কমিয়ে ৩০০ মেগাওয়াটে রাখা হয়েছে।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফার পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত চলবে। এ সময় উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াটের মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, চুক্তি অনুযায়ী রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে প্রথম ইউনিটে ১০ মাসের ট্রায়াল অপারেশন চলবে। এরপর পর্যায়ক্রমে পূর্ণ উৎপাদন সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। প্রাথমিকভাবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে ইউনিটটির দায়িত্ব গ্রহণ করবে। পরবর্তী সময়ে সরকারি গেজেটের মাধ্যমে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) অপারেটিং অর্গানাইজেশন হিসেবে দায়িত্ব পালন করবে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ভিভিইআর-১২০০ মডেলের ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে এখান থেকে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টদের আশা, কেন্দ্রটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন সক্ষমতা যুক্ত হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
   এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝