সরকারি ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখিয়ে পিরোজপুরের কাউখালীতে শতাধিক মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তবে চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত শাকিল আহমেদ পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে কাউখালীর বিভিন্ন এলাকায় স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা বিক্রি শুরু করে চক্রটি। কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন তারা। পরে সেই আস্থাকে কাজে লাগিয়ে সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ শুরু করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করেন বলে পরিচয় দিতেন। তিনি মাত্র সাড়ে তিন হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় সরকারি ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এসব প্রলোভনে উপজেলার আসপরদী গ্রামসহ বিভিন্ন এলাকার শতাধিক মানুষ টাকা দেন।
অভিযোগ রয়েছে, টাকা সংগ্রহের পর চক্রের সদস্যরা আত্মগোপনে চলে যান। প্রধান সহযোগী হিসেবে অভিযুক্ত ফাহিমা ঘটনার এক দিন আগেই কাউখালী ছেড়ে পালিয়ে যান।
রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে প্রতারণার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযুক্তদের ধাওয়া করেন। এ সময় তিনজনকে আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর টাকা হারানো নারী-পুরুষেরা কাউখালী থানায় ভিড় করেন। তাঁদের মধ্যে অর্ধশতাধিক নারী ছিলেন। প্রতারণার শিকার হয়ে অনেককে থানায় কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। ভুক্তভোগীদের তালিকায় দিনমজুর, স্কুলশিক্ষার্থী ও শিক্ষকও রয়েছেন।
থানায় অভিযোগ জানাতে আসা ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার জন্য এবং ১২ জন সরকারি ঘর ও গভীর নলকূপ পাওয়ার আশায় টাকা দিয়েছেন। তবে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা এবং আত্মসাৎ করা অর্থের পরিমাণ আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে নেতাকর্মীরা অভিযুক্তদের আটক করেন বলে জানা গেছে।
উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, ‘এই চক্রকে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়েছে। তবে মূল হোতা পালিয়ে গেছে। তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত এবং প্রতারণার শিকার ব্যক্তিদের প্রকৃত সংখ্যা ও আত্মসাৎ করা অর্থের পরিমাণ নির্ধারণে তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
জেডএফ/ এফএস