ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৬১৮ কোটি টাকায় চার লেন হচ্ছে হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর সড়ক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:০৫ পিএম
X

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে হবিগঞ্জ-লাখাই-সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়কের প্রায় ২৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। ৬১৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ মেগা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ।

সোমবার (২৩ নভেম্বর) বেলা আড়াইটায় দোয়া মাহফিলের মাধ্যমে প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার সড়ক ১০ দশমিক ৩০ মিটার প্রশস্ত করে চার লেনে উন্নীত করা হবে। চারটি পৃথক প্যাকেজে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ মাস।

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬১৮ কোটি টাকা। এর মধ্যে সড়ক নির্মাণে ৩৯৬ কোটি টাকা, ভূমি অধিগ্রহণে ২১৯ কোটি ১৪ লাখ টাকা এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন স্থানান্তরে ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

এর আগে সড়কটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় তা বাস্তবায়িত হয়নি। দরপত্র আহ্বান ও ঠিকাদার নির্বাচন করা হলেও পরবর্তী সময়ে প্রকল্পটি বাতিল হয়ে যায়। ফলে দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়ন অনিশ্চয়তার মধ্যে পড়ে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা মানববন্ধন, স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সড়কটি দ্রুত সম্প্রসারণের দাবি জানিয়ে আসছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়নে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিএনপি সরকার গঠনের পর গত ১২ এপ্রিল তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে একটি ডিও লেটার দেন। এতে সড়কটির আঞ্চলিক গুরুত্ব এবং যোগাযোগব্যবস্থায় এর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

ডিও লেটারে উল্লেখ করা হয়, সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি ঢাকা-সিলেট মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ বিকল্প যোগাযোগপথ। এ সড়ক ব্যবহার করলে হবিগঞ্জসহ বৃহত্তর এলাকার মানুষের যাতায়াতের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার কমে আসে। তবে সড়কটির বর্তমান প্রস্থ মাত্র সাড়ে ৫ মিটার হওয়ায় যানবাহনের চাপ সামাল দিতে নানা সমস্যা হচ্ছে।

সড়কটি সম্প্রসারণ করা হলে আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষি ও মৎস্য খাতের বিকাশ এবং শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও ডিও লেটারে উল্লেখ করা হয়।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হবিগঞ্জ সফরকালে বিএনপি সরকার গঠন করলে সড়কটি সম্প্রসারণের ঘোষণা দিয়েছিলেন বলে ডিও লেটারে উল্লেখ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জি কে গউছও এ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি প্রকল্পটি বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখেন। একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও বিষয়টি তুলে ধরেন। পরে প্রকল্পটির অনুমোদন প্রক্রিয়া এগিয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে হবিগঞ্জের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। চার লেনের সড়ক চালু হলে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। একই সঙ্গে কৃষি, মৎস্য ও শিল্প খাতের উন্নয়নেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্প নির্ধারিত ১৮ মাসের মধ্যে সম্পন্ন হলে হবিগঞ্জসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এমআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝