ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টাঙ্গুয়ার হাওরে প্লাস্টিকের ছাইচ, মাটি দূষণ ও জীববৈচিত্র্য নিয়ে শঙ্কা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:০৬ পিএম
X

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ও আশপাশের জলাভূমিতে মাছ ধরার কাজে অতিমাত্রায় প্লাস্টিকের ছাইচ ব্যবহারে পরিবেশদূষণ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কা দেখা দিয়েছে। ব্যবহারের পর পরিত্যক্ত এসব ছাইচ জমি ও পানিতে পড়ে থাকায় মাটির উর্বরতা হ্রাস, পানি দূষণ এবং জলজ প্রাণীর খাদ্যশৃঙ্খলে মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

সরেজমিনে টাঙ্গুয়ার হাওর-সংলগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষিজমি ও হাওরের তীরবর্তী এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্লাস্টিকের ছাইচ। প্রতি শতক জমিতে অন্তত চার থেকে পাঁচটি ছাইচ পড়ে থাকতে দেখা গেছে। দীর্ঘদিন ব্যবহারের পর এসব ছাইচ জমি ও জলাশয়ের আশপাশে ফেলে রাখা হচ্ছে। এতে কৃষিজমি ও জলাভূমিতে প্লাস্টিক বর্জ্য জমে পরিবেশদূষণের ঝুঁকি বাড়ছে।

মাছ ধরার কাজে ব্যবহৃত এসব ছাইচ নষ্ট হয়ে গেলে অনেক সময় হাওরের পানিতে কিংবা তীরবর্তী জমিতে পড়ে থাকে। রোদ, বৃষ্টি ও পানির সংস্পর্শে প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হতে পারে। এসব কণা পানিতে মিশে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর দেহে প্রবেশের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হতে পারে জলজ পরিবেশ ও খাদ্যশৃঙ্খল।

ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসয়াদ বিন খলিল রাহাত বলেন, ‘প্লাস্টিকের ছাইচ চাষাবাদের জমিতে মিশে গেলে মাটির উর্বরতা কমবে এবং মাটি দূষিত হবে। তাছাড়া এসব ছাইচের প্লাস্টিক জলাশয়ের পানিতে মিশে মাছ ও অন্যান্য প্রাণীর খাদ্যের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের আশঙ্কা বাড়ায়।’

পরিবেশবিদ মেহেদী হাসান শাওন বলেন, ‘প্লাস্টিকের ছাইচে শুধু মাছই আটকে থাকে না, অন্যান্য জলজ প্রাণীও আটকে মারা যায়। জলাভূমিতে এসব ছাইচ জমতে থাকলে জলজ উদ্ভিদ, মাছ, পাখি ও অন্যান্য প্রাণীর স্বাভাবিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ টাঙ্গুয়ার হাওরের মতো জলাভূমিতে প্লাস্টিক বর্জ্যের বিস্তার দীর্ঘ মেয়াদে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে।’

এ অবস্থায় হাওরে প্লাস্টিকের ছাইচ ব্যবহারে সচেতনতা বাড়ানো, নষ্ট ও পরিত্যক্ত ছাইচ নির্দিষ্ট স্থানে সংগ্রহ এবং জলাশয়ে প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে হাওরের পরিবেশ সুরক্ষায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নিয়মিত নজরদারি এবং প্লাস্টিক বর্জ্য অপসারণে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।

-টিএস/আরিফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝