ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মক্কা চুক্তিতে যোগদানের কথা ভাবছে ইন্দোনেশিয়া
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:৫৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

খবরে বলা হয়েছে, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তি—‘মক্কা চুক্তি’তে যোগদানের বিষয়টি বিবেচনা করতে পারে ইন্দোনেশিয়া। তুর্কি কর্মকর্তাদের বক্তব্য এবং মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বিষয়টি সামনে এসেছে। তবে এ বিষয়ে সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করা প্রয়োজন।

ইন্দোনেশিয়ার দূতাবাস এখনো জাকার্তার পক্ষ থেকে এমন কোনো আগ্রহের বিষয়টি নিশ্চিত করেনি। অন্যদিকে, তুরস্কের নেতারাও জানিয়েছেন, আপাতত নতুন সদস্য অন্তর্ভুক্ত করার চেয়ে বিদ্যমান চুক্তিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তাহলে ইন্দোনেশিয়া কিভাবে এমন একটি চুক্তিতে যোগদানের কথা বিবেচনা করতে পারে?

এর উত্তর মূলত বাস্তবভিত্তিক কিছু কৌশলগত স্বার্থের মধ্যে নিহিত। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে আগ্রহী।

এ ক্ষেত্রে তুরস্ক ইন্দোনেশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে। ২০২৫ সালে ইন্দোনেশিয়া তুরস্কের কাছ থেকে ৪৮টি কান (KAAN) যুদ্ধবিমান কেনার চুক্তি করে, যার মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া ২০২৬ সালের অক্টোবরে ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান ও কাতার ‘বদর প্রকল্প’ (Badr Project) সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই প্রকল্পের মূল লক্ষ্য প্রতিরক্ষা গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদন সহযোগিতা জোরদার করা।

২০২৬ সালের ৭ আগস্ট প্রতিষ্ঠিত মক্কা চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, এই চুক্তি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত নয়।

ইন্দোনেশিয়ার জন্য এসব দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা নিয়মিত নিরাপত্তা সংলাপ, রাজনৈতিক যোগাযোগ এবং প্রভাবশালী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ তৈরি করতে পারে। পাশাপাশি আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন দেশগুলোর সঙ্গে কাজ করার সুযোগও বাড়বে।

ভৌগোলিক দূরত্ব থাকা সত্ত্বেও মক্কা চুক্তিতে ইন্দোনেশিয়ার সম্ভাব্য আগ্রহকে একেবারে অযৌক্তিক বলা যায় না। প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর মতো ইন্দোনেশিয়া সরাসরি একই ধরনের নিরাপত্তা হুমকির মুখে না থাকলেও, নিরাপত্তা সহযোগিতা ভৌগোলিক সীমারেখা অতিক্রম করতে পারে। এর পেছনে থাকতে পারে অভিন্ন স্বার্থ এবং নিজ অঞ্চলের বাইরের ঘটনাপ্রবাহেও প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা।

ইন্দোনেশিয়া দীর্ঘদিন ধরে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার আকাঙ্ক্ষাও দেশটির রয়েছে। বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে এর জনসংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা ও কূটনৈতিক গুরুত্ব মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক জোরদারের যথেষ্ট কারণ তৈরি করেছে।

তবে এই চুক্তির সদস্য হওয়ার সম্ভাব্য পরিণতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে।

ইন্দোনেশিয়ার কোনো অংশীদার দেশ যদি নিজ অঞ্চলের বাইরে কোনো সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে কি জাকারিয়াকে তার প্রতিরক্ষায় এগিয়ে আসতে হবে? অন্য সদস্যদের নেওয়া সিদ্ধান্ত কীভাবে কোনো সংকটের সময় ইন্দোনেশিয়ার সম্পৃক্ততাকে প্রভাবিত করবে?

এসব প্রশ্ন একটি সম্মিলিত প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের জটিলতা তুলে ধরে। বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত ঐক্যের প্রতীকী গুরুত্বের বিপরীতে বাস্তব সামরিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করতে হবে।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো ‘স্বাধীন ও সক্রিয়’ নীতি। এই নীতির মাধ্যমে দেশটি স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং বড় শক্তিগুলোর সামরিক বলয়ে জড়িয়ে পড়া এড়িয়ে চলার ওপর গুরুত্ব দেয়।

প্রেসিডেন্ট প্রাবোও বারবার এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তার বক্তব্য অনুযায়ী, ইন্দোনেশিয়া কোনো সামরিক জোটের সঙ্গে সম্পৃক্ত নয় এবং বিশ্বের সব প্রধান শক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।

বদর প্রকল্পের মতো উদ্যোগের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধি এই নীতির সঙ্গে স্বাভাবিকভাবেই সাংঘর্ষিক নয়।

বরং ইন্দোনেশিয়ার বর্তমান কৌশলকে ‘মাল্টি-অ্যালাইনমেন্ট’ (Multi-alignment) বা বহুমুখী কৌশলগত অংশীদারত্বের নীতি হিসেবে বিবেচনা করা যেতে পারে। এর মাধ্যমে দেশটি বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা ও অংশীদারত্ব গড়ে তুলছে, একই সঙ্গে নিজেদের সার্বভৌমত্ব, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং জাতীয় কৌশলগত স্বার্থ অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছে। 

সূত্র: মিডল ইস্ট মনিটর 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝