ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক ও সহিংসতা গভীর ষড়যন্ত্র: রিজভী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক এবং দেশের সাম্প্রতিক সহিংস ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র ও অশুভ ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল যৌথভাবে আয়োজিত দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত সরকারের নেতারা অর্থের জোগান দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে গ্রামীণ ব্যাংকের প্রায় ৭৫টি শাখার সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, যানবাহনে আগুন দেওয়া এবং ভাঙ্গায় কৃষক দলের রাজু ও নড়াইলের কালিয়ায় জাসাস ও কৃষক দলের নেতাদের হত্যার পেছনে সীমান্তের ওপার থেকে মদদ দেওয়া হচ্ছে।

ভারতের পেট্রাপোল বন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার নেতার দীর্ঘ দুই ঘণ্টার বৈঠকের প্রসঙ্গ তুলে রিজভী প্রশ্ন করেন, ভারতের কেন্দ্রীয় সরকারের মদদ ছাড়া সরকারি কর্মকর্তাদের পক্ষে কীভাবে পলাতক ও নিষিদ্ধ ঘোষিত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা সম্ভব?

এছাড়া রাষ্ট্রীয় বিমান চেয়ে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আইনি প্রক্রিয়ার মুখোমুখি না হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।

বক্তব্যে রুহুল কবির রিজভী মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার ইতিহাসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে বলেন, মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা রণাঙ্গনের যোদ্ধা হলেও অতীতে মুক্তিযুদ্ধের চেতনার নামে দিল্লির কাছে নতজানু নীতি অনুসরণ করা হয়েছে।

তাজউদ্দীন আহমদের কন্যার লেখা বইয়ের প্রসঙ্গ টেনে তিনি ১৯৭১ সালের প্রেক্ষাপট ও স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভিন্ন দাবি উত্থাপন করেন। একই সঙ্গে ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনব্যবস্থা, রক্ষীবাহিনী গঠন, বাকশাল প্রতিষ্ঠা এবং বিগত ১৭ বছরের শাসনামলে গুম, ক্রসফায়ার, রাজনৈতিক হত্যাকাণ্ড ও ব্যাংকিং খাতে অর্থ লোপাটের কঠোর সমালোচনা করেন।

রিজভী আরও বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত এলে প্রবল স্রোতের মতো তা প্রতিহত করবে। একাত্তরের মুক্তিযুদ্ধ, ২৭ নভেম্বর ও ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যেকোনো আধিপত্যবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝