ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিসিটিভি ও স্পিড ডিটেক্টর দিয়ে মহাসড়কে ট্রাফিক আইন প্রয়োগ করবে হাইওয়ে পুলিশ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মহাসড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং ও লেন শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধ শনাক্ত করে আইন প্রয়োগ আরও কার্যকর করতে প্রযুক্তির সহায়তা নেবে হাইওয়ে পুলিশ। এ জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। এর ফলে সওজের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে (টিএমসি) সংরক্ষিত সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থার তথ্য ব্যবহার করতে পারবে হাইওয়ে পুলিশ।

সমঝোতা অনুযায়ী, সওজের অটোমেটেড নম্বর প্লেট রিকগনিশন (এএনপিআর), স্পিড ডিটেকশন সিস্টেম, ওয়েট-ইন-মোশন (ডব্লিউআইএম) এবং অন্যান্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের (আইটিএস) মাধ্যমে সংগৃহীত তথ্য পাবে হাইওয়ে পুলিশ। এসব তথ্য ব্যবহার করে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, অননুমোদিত স্থানে যানবাহন থামানো এবং লেন শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধ শনাক্ত ও আইন প্রয়োগ করা সহজ হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমান এবং বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পুলিশ এবং সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সমঝোতার আওতায় সড়ক দুর্ঘটনা কমানো, যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা উন্নয়নে দুই প্রতিষ্ঠান তথ্য আদান-প্রদান ও সমন্বিতভাবে কাজ করবে। এ জন্য নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও তথ্যপ্রাপ্তি সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার উদ্যোগও নেওয়া হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের সাত কার্যদিবসের মধ্যে সওজ হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় এপিআই লিংক ও কারিগরি নির্দেশনা দেবে। তবে হাইওয়ে পুলিশ টিএমসির ডেটাবেজ থেকে শুধু তথ্য দেখার (রিড অনলি) সুযোগ পাবে। ডেটাবেজের তথ্য পরিবর্তন বা সম্পাদনার সুযোগ থাকবে না। তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠানকেই নির্ধারিত বিধিবিধান অনুসরণ করতে হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ উদ্যোগের ফলে মহাসড়কে প্রযুক্তিনির্ভর নজরদারি ও তথ্যভিত্তিক আইন প্রয়োগ কার্যক্রম জোরদার হবে। এতে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়বে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের দিন থেকে কার্যকর হয়েছে। প্রাথমিকভাবে পাঁচ বছর এ সমঝোতা বহাল থাকবে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝