বিমানবন্দরে পাখির আঘাতে (বার্ড হিট) উড়োজাহাজের ঝুঁকি কমাতে অত্যাধুনিক প্রযুক্তির বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া বিমানবন্দরগুলোতে পাখি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনা এবং শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’-এর প্রথম সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী।
সভায় বাংলাদেশের বিমানবন্দরগুলোতে নিরাপদে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে পাখিসহ বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের এভিয়েশন খাতের উন্নয়নে কাজ করছে। এ খাতের উন্নয়নে নিরাপদে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা অপরিহার্য। এ ক্ষেত্রে সাম্প্রতিক সময়ের বার্ড হিটের তথ্য যাচাই করে বিমানবন্দরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, উদ্ভূত সমস্যা সমাধানে অত্যাধুনিক প্রযুক্তির বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনের মাধ্যমে বিমানবন্দরগুলোতে পাখি নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনার ব্যবস্থা এবং শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি।
সভায় উপস্থিত কমিটির সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। দ্রুত সমন্বয়ের সুবিধার্থে প্রতি তিন মাস পরপর সভা আয়োজনের নির্দেশনাও দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ কমিটির সদস্যরা।
টিআই