সারাদিনের ব্যস্ত কর্মসূচি শেষে বিশ্রামে না গিয়ে আবারও দাপ্তরিক কাজে ব্যস্ত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরেই তিনি ছুটে যান সচিবালয়ে। সন্ধ্যার পরও সেখানে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের উপস্থিতি নিশ্চিত করেন তিনি। এরপর একে একে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজে অংশ নেন।
এর আগে, সকাল ৮টা ৩০ মিনিটে বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে।
সেখানে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।
মহড়ার সময় সেনাপ্রধানকে পাশে বসিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে অনুশীলনস্থলে উপস্থিত হন তিনি। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বিশেষ এই যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। দীর্ঘ সময় রোদে থেকে ব্যস্ত কর্মসূচি পালন করার পরও বিশ্রামে না গিয়ে সরাসরি সচিবালয়ে গিয়ে দাপ্তরিক কাজে যোগ দেন তিনি।
দিনভর সামরিক মহড়া পরিদর্শন থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সরকারি দায়িত্ব পালন—প্রধানমন্ত্রীর এই কর্মব্যস্ত দিনটি ছিল নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমে পরিপূর্ণ।
আরএন