ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নদী রক্ষায় ১৭ দফা দাবি
প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের স্মারকলিপি
বুড়িগঙ্গা ও তুরাগসহ দূষিত নদী পুনরুদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:২৭ পিএম আপডেট: ২৫.১১.২০২৬ ৩:৩৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নদী ও পরিবেশ রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ১৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, ঢাকা মহানগর শাখা।

সংগঠনটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে বুধবার, ২৫ নভেম্বর, প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপিটি ঢাকার জেলা প্রশাসক মিসেস ফরিদা খানমের কাছে হস্তান্তর দেওয়া হয়। ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো স্মারকলিপিতে নদী দখল ও দূষণ বন্ধ, অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণ, নদী খনন, জলাধার পুনরুদ্ধার এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিহির বিশ্বাস, ঢাকা মহানগর শাখার সভাপতি মহসীনুল করিম লেবু ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এবং ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার সভাপতি অ্যাডভোকেট মো: শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক শাকিল রহমান এ স্মারকলিপিটি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।

এর অনুলিপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ, নৌপরিবহন, শিল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীদের পাশাপাশি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের কাছেও পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর ছাড়াও একই দাবিতে সারাদেশে বিভিন্ন জেলা শাখার পক্ষ থেকেও পৃথকভাবে জেলা প্রশাসকদের কাছে এ স্মারকলিপির কপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর বিভিন্ন দূরদর্শী ও মানবিক পদক্ষেপ এবং আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে বলিষ্ঠ অবস্থান গ্রহণ দেশের পরিবেশ আন্দোলনকে আশাবাদী করেছে। বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে জনগণের পাশে থেকে কাজ করার নির্দেশনাকেও স্বাগত জানিয়েছে সংগঠনটি।

তবে সরকারের বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও মাঠপর্যায়ে নদীর পরিস্থিতি উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে স্মারকলিপিতে। এতে বলা হয়, বর্ষায় ভয়াবহ বন্যা, শুষ্ক মৌসুমে পানির সংকট, উজান থেকে অসময়ে পানি ছাড়া, নদী দখল, অবৈধ বালু উত্তোলন, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ, নদীভাঙন এবং মৎস্যসম্পদ ধ্বংসের ঘটনা অব্যাহত রয়েছে। ঢাকার বুড়িগঙ্গা ও তুরাগ নদী এ সংকটের অন্যতম উদাহরণ।

সংগঠনটির ১৭ দফা দাবির মধ্যে রয়েছে—নদীসংক্রান্ত প্রকল্পে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটির মতামত বাধ্যতামূলক করা, শিল্পকারখানায় ২৪ ঘণ্টা ইটিপি চালু রাখা, নদীর পাড়ে নিয়মিত জরিপ ও অবৈধ দখলদারদের উচ্ছেদ, পরিকল্পিতভাবে নদী খনন এবং ভরাট হয়ে যাওয়া নদী, খাল ও জলাধার পুনরুদ্ধার।

এ ছাড়া হাওড় ও পাহাড়ি নদী থেকে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ, নদীভাঙন রোধে কার্যকর বাঁধ নির্মাণ, নদীবন্দর সংস্কার, অপরিকল্পিত সেতু ও বাঁধ অপসারণ এবং নদীতীরে দেশীয় ও জলজ পরিবেশবান্ধব বৃক্ষরোপণের দাবি জানানো হয়েছে।

অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ভুটান ও মিয়ানমারকে নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক নদী কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। পাশাপাশি ১৯৯৭ সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে বাংলাদেশের অনুসমর্থন এবং যৌথ নদী কমিশনের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু, বংশী ও কর্ণফুলীসহ দূষিত নদীগুলোতে পানি পুনর্ব্যবস্থাপনা বা রিসাইক্লিং ব্যবস্থা চালু, নদী রক্ষায় শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম, সামাজিক মৎস্য চাষ, প্রজনন মৌসুমে জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং বন্যাকবলিত এলাকায় আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদারের দাবিও রয়েছে।

নদী, খাল-বিল, পুকুর, দীঘি ও সৈকতে পোড়া মবিল, তেল, প্লাস্টিক, পলিথিন ও গৃহস্থালি বর্জ্য ফেলা বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, ১৭ দফা দাবি বাস্তবায়িত হলে নদীগুলো পুনরায় প্রাণ ফিরে পাবে এবং সরকারের পরিবেশ রক্ষার অঙ্গীকার আরও কার্যকর হবে।

এমকে
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝