বাংলাদেশ সচিবালয়ে সাইকেল চালানোর মধ্য দিয়ে বুধবার দিনের সরকারি কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকালে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে পৌঁছানোর পর তিনি ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কেনা সাইকেলের একটি চালিয়ে দেখেন এবং এর গুণগত মান যাচাই করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের ৩ লাখ ছাত্রীর মধ্যে বিতরণের লক্ষ্যে এসব সাইকেল সংগ্রহ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীদের মধ্যে এসব সাইকেল বিতরণ করা হবে। মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে পর্যায়ক্রমে এ কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সাইকেল পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ.বি.এম. আবদুস সাত্তার এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
নারী শিক্ষার প্রসার ও ছাত্রীদের উৎসাহিত করতে সরকারের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।