ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দক্ষিণ আফ্রিকায় সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব
✎
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:২৯ পিএম
X

দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার অনিল সুকলাল। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সক্রিয়ভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় দুই দেশের বিমান যোগাযোগ, পর্যটন খাতের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

জবাবে মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। তাঁদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে দেশটির সঙ্গে বিমান যোগাযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ। বিশেষ করে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।

বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনাও তুলে ধরেন পর্যটনমন্ত্রী। তিনি বলেন, দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার মতো গুরুত্বপূর্ণ সম্পদ।

দুই দেশের মধ্যে পর্যটক যাতায়াত বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় ও সমন্বয় বাড়ানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরাসরি ফ্লাইট চালু হলে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি দুই দেশের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝