পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ২৯ ও ৩০ নভেম্বর দেশব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
বুধবার (২৫ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর (রোববার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে সমাবেশ ও মিছিল করবে। একই দিনে দেশের সব জেলা ও মহানগর যুবদল নিজ নিজ ইউনিটে এ কর্মসূচি পালন করবে।
এ ছাড়া ৩০ নভেম্বর (সোমবার) উপজেলা, থানা ও পৌর যুবদলের উদ্যোগে সংশ্লিষ্ট ইউনিটগুলোতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।