ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন ২২ সাংবাদিক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:০৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন ২২ সাংবাদিক। প্রিন্ট, অনলাইন, টেলিভিশন ও রেডিও বিভাগে নির্বাচিত সাংবাদিকদের প্রত্যেককে ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিআরইউ আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সাংবাদিকতার প্রধান শক্তি সত্যনিষ্ঠা ও বিশ্বাসযোগ্যতা। সমাজের অসংগতি তুলে ধরা, জনগণের সামনে সঠিক তথ্য উপস্থাপন এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের ভুলত্রুটি চিহ্নিত করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের বিস্তারে তথ্যের প্রবাহ বেড়েছে। তবে নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জও তৈরি হয়েছে। এ কারণে সাংবাদিকতায় পেশাগত সততা, নিরপেক্ষতা ও নৈতিকতার চর্চা আরও জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক থেকে নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্র ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং ভালো কাজের স্বীকৃতি দিতেই প্রতিবছর এ পুরস্কারের আয়োজন করা হয়। এ উদ্যোগ সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সাংবাদিকেরা প্রতিনিয়ত ঝুঁকি ও নানা প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করেন। তাঁদের পেশাগত উৎকর্ষের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক কল্যাণ নিশ্চিত করাও ডিআরইউর অন্যতম অঙ্গীকার।


পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকেরা- 



প্রিন্ট ও অনলাইন বিভাগে

- মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি: ফয়সাল খান (দেশ রূপান্তর)।
- শিক্ষা: দিলীপ কুমার শর্মা (আজকের পত্রিকা)।
- স্বাস্থ্য: সাজিদা ইসলাম পারুল (বাংলানিউজ২৪.কম)।
- বিদ্যুৎ ও জ্বালানি: মুহাম্মদ শাহেদ সিদ্দিকী (যুগান্তর)।
- আর্থিক খাত: সাখাওয়াত হোসেন সুমন (ডেইলি সান)।
- অপরাধ ও আইনশৃঙ্খলা: মো. তৌহিদুজ্জামান তন্ময় (জাগোনিউজ২৪.কম)।
- আর্থিক অন্তর্ভুক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: মিজান চৌধুরী (আগামীর সময়)।
- রাজনীতি, প্রশাসন, বিচার ও নির্বাচন কমিশন: দীপন নন্দী (দ্য ডেইলি স্টার)।
- ক্রীড়া: মো. জোবায়ের হোসেন (ঢাকা পোস্ট)।
- কৃষি ও পরিবেশ: ওয়াসিম বিন হাবিব (দ্য ডেইলি স্টার)।
- নারী, শিশু ও মানবাধিকার: নাজনীন আখতার (প্রথম আলো)।
- সুশাসন ও দুর্নীতি: এফ এম আবদুর রহমান মাসুম (ঢাকা পোস্ট)।
- নগরীর সমস্যা ও সম্ভাবনা: মোহাম্মদ হেলিমুল আলম (দ্য ডেইলি স্টার)।
- বৈদেশিক সম্পর্ক: গোলাম মওলা (বাংলা ট্রিবিউন)।
- সামগ্রিক অর্থনীতি: শাহ আলম খান (আজকের পত্রিকা)।



টেলিভিশন ও রেডিও বিভাগে

- রাজনীতি, প্রশাসন, বিচার ও নির্বাচন কমিশন: মুফতী পারভেজ নাদির রেজা (চ্যানেল ওয়ান)।
- বিদ্যুৎ ও জ্বালানি: কেফায়েত উল্লাহ চৌধুরী (বাংলাভিশন)।
- নারী, শিশু, মানবাধিকার ও সুশাসন: মো. গিয়াস উদ্দিন সজিব (চ্যানেল ২৪)।
- কৃষি ও পরিবেশ: নয়ন আদিত্য (চ্যানেল ওয়ান)।
- আর্থিক খাত ও সামগ্রিক অর্থনীতি: রিমন রহমান (যমুনা টেলিভিশন)।
- অপরাধ ও আইনশৃঙ্খলা: আলমগীর হোসেন (যমুনা টিভি)।
- অনুসন্ধানীমূলক তথ্যচিত্র ও অনুষ্ঠান: রাশেদ নিজাম (যমুনা টিভি)।



১০ সদস্যের জুরি বোর্ডে ছিলেন যাঁরা

এবারের পুরস্কারের জন্য প্রতিবেদন মূল্যায়ন ও বিজয়ী নির্বাচনে ১০ সদস্যের একটি জুরি বোর্ড দায়িত্ব পালন করে। বোর্ডের চেয়ারম্যান ছিলেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ।

বোর্ডের অন্য সদস্যরা হলেন ইউএনবির সাবেক সম্পাদক ও তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান, রয়টার্সের সাবেক ব্যুরো চিফ সিরাজুল ইসলাম কাদির, গ্রিন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, আমাদের বার্তার কনসালটিং এডিটর মনোয়ার হোসেন, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক এ এইচ এম জাহেদ চৌধুরী, এনটিভির চিফ নিউজ এডিটর ফখরুল আলম খান কাঞ্চন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ইলিয়াস খান এবং ডিআরইউর সাবেক সভাপতি ও আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন।

অনুষ্ঠানে ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও রফিকুল ইসলাম আজাদ এবং সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মাসুম ও কবির আহমেদ খানসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের স্বীকৃতি সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ, দায়িত্বশীলতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় আরও উৎসাহ জোগাবে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝