রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় কাতারগামী দুই প্রবাসীসহ অটোরিকশাটির আরও তিন আরোহী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে রায়েরবাগের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন।আহত অপর তিনজন বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত অটোচালক মাসুম মিয়া বরিশালের উজিরপুর উপজেলার মণ্ডপাশা গ্রামের হারুন হাওলাদারের ছেলে। আহত তিনজন হলেন কাতারগামী যাত্রী কাওসার হোসেন রুবেল (৩১) ও আল-আমিন (৩০) এবং তাদের বিমানবন্দরে বিদায় জানাতে আসা স্বজন মো. বশির (৩৩)। আহত দুই প্রবাসীর বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়।
আহত মো. বশিরের স্ত্রী নুপুর জানান, বুধবার বেলা সাড়ে ১১টার একটি ফ্লাইটে কাওসার হোসেন রুবেল ও আলামিনের কাতার যাওয়ার কথা ছিল। বিমানবন্দরের উদ্দেশে রওনা দিতে সকালে তারা শনির আখড়ার রায়েরবাগ বাগানবাড়ি মসজিদের সামনে থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় চড়ে মূল সড়কের দিকে আসছিলেন। ওই অটোতে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তাদের বিমানবন্দরে পৌঁছে দিতে সঙ্গে যাচ্ছিলেন স্বজন বশিরও।
নুপুর আরও জানান, রায়েরবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে দুমড়ে-মুচড়ে যায়। চালকসহ ভেতরে থাকা চারজনই গুরুতর আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ