বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে টাঙানো কয়েকটি ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ সময় উপজেলা বিএনপির নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
এর আগে, মঙ্গলবার রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত দলটির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আগুন দেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজন যুবক কার্যালয়ের সামনে আগুন দিচ্ছেন। এতে কার্যালয়ের সামনের অংশে থাকা ব্যানার ও ফেস্টুনগুলো পুড়ে যায়।
এ ঘটনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। তিনি বলেন, সারা দেশে আওয়ামী লীগ আগুন-সন্ত্রাস শুরু করেছে। মঙ্গলবার রাতে নন্দীগ্রামের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
টিআই