কপ-৩১ সম্মেলনে জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। এ সম্মেলনে ক্ষতিগ্রস্ত অন্যান্য দেশ ক্ষতিপূরণের নির্দিষ্ট কোনো আশ্বাস না পেলেও বাংলাদেশের উল্লেখযোগ্য প্রাপ্তি হচ্ছে দুটি আন্তর্জাতিক তহবিল থেকে প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করা। এর মধ্যে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, অভিযোজন কার্যক্রমে অর্থায়ন এবং আধুনিক প্রযুক্তি হস্তান্তরের প্রত্যাশা নিয়ে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেয় বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলকভাবে কম দায়ী হলেও সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ এবার সম্মেলনে জলবায়ু ন্যায়বিচারের দাবিকে বিশেষ গুরুত্ব দেয়।
সম্মেলনে বাংলাদেশের প্রধান প্রত্যাশা ছিল উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা, অভিযোজন খাতে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর তহবিল পাওয়া এবং প্রযুক্তি হস্তান্তরের পথ সহজ করা। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলের সুরক্ষা, নদীভাঙন, লবণাক্ততা, বন্যা, ঘূর্ণিঝড় ও জলবায়ুজনিত বাস্তুচ্যুতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও বাংলাদেশের আলোচনায় গুরুত্ব পায়।
৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত এই সম্মেলনে প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষায় স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি), জি-৭৭ ও চীন এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ফোরামের সঙ্গে সমন্বিত অবস্থান নেওয়া হয়।
সম্মেলন শেষে বাংলাদেশের প্রাপ্তি ও সীমাবদ্ধতা বিশ্লেষণে দেখা যায়, জলবায়ু অভিযোজন, প্রযুক্তিগত সহায়তা এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় কিছু অগ্রগতি হয়েছে। তবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রত্যাশা—বিপুল পরিমাণ অনুদানভিত্তিক অর্থায়ন এবং ক্ষয়ক্ষতির জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা—সুনির্দিষ্টভাবে নিশ্চিত হয়নি। ফলে কপ-৩১ থেকে বাংলাদেশের অর্জনকে কূটনৈতিক ও নীতিগত অগ্রগতি হিসেবে বিবেচনা করা গেলেও সরাসরি আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে বড় ঘাটতি রয়ে গেছে।
প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাব
সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেন। তাঁর প্রস্তাবের অন্যতম ছিল আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করা।
এ ছাড়া জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণের বোঝা কমাতে ‘ডেট-ফর-ক্লাইমেট’ বা ঋণের বিনিময়ে জলবায়ু কার্যক্রম এবং জলবায়ু সহনশীল ঋণব্যবস্থা চালুর আহ্বান জানান তিনি। একই সঙ্গে পরিবেশবান্ধব প্রযুক্তির ন্যায্য প্রবেশাধিকার, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য সহজ অর্থায়ন এবং দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণেরও প্রস্তাব দেন। এর লক্ষ্য ছিল ন্যায়সংগত জ্বালানি রূপান্তর নিশ্চিত করা, যাতে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি, শ্রমবাজার ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত না হয়।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলো। এসব দেশের ওপর নতুন করে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয়। তাই অনুদানভিত্তিক অর্থায়ন, প্রযুক্তিগত সহযোগিতা ও অভিযোজন কার্যক্রমে পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করতে হবে।
৭৮৪ কোটি টাকার অনুদান বাংলাদেশের বড় প্রাপ্তি
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য প্রাপ্তি হচ্ছে দুটি আন্তর্জাতিক তহবিল থেকে প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করা। এর মধ্যে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
বাংলাদেশি মুদ্রায় সিআইএফের অর্থের পরিমাণ প্রায় ৩৭৪ কোটি টাকা এবং গ্লোবাল শিল্ডের অর্থ প্রায় ৪১০ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় ৭৮৪ কোটি টাকা অনুদান হিসেবে পাবে বাংলাদেশ। এসব অর্থ ফেরত দিতে হবে না।
বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ ২২ নভেম্বর দেশে ফিরে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গ্লোবাল শিল্ডের কর্মসূচির প্রথম পর্যায় সফলভাবে বাস্তবায়ন করতে পারলে আরও ২ কোটি ইউরো, অর্থাৎ প্রায় ২৭৩ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে মোট অনুদানের পরিমাণ দাঁড়াবে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকা।
সিআইএফের অর্থ উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা, জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যয় করা হবে। অন্যদিকে গ্লোবাল শিল্ডের অর্থ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জলবায়ু ঝুঁকি মোকাবিলা, বিশেষ করে জলবায়ু বীমা ও আর্থিক সুরক্ষাব্যবস্থা জোরদারে কাজে লাগবে।
বাংলাদেশের জন্য এ অর্থায়ন গুরুত্বপূর্ণ অগ্রগতি। কারণ, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনগুলোতে অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে অর্থ ছাড়ের ক্ষেত্রে নানা জটিলতা দেখা যায়। এবার অন্তত দুটি তহবিল থেকে নির্দিষ্ট অঙ্কের অনুদান নিশ্চিত হওয়া বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার একটি দৃশ্যমান ফল।
অভিযোজন খাতে বছরে ১১ বিলিয়ন ডলারের প্রয়োজন
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে প্রতিবছর ১০ থেকে ১১ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন বলে সম্মেলনে তুলে ধরা হয়। অথচ দেশের নিজস্ব বাজেট থেকে প্রতিবছর জলবায়ুসংশ্লিষ্ট কার্যক্রমে প্রায় ৪ দশমিক ৫ থেকে ৫ বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে।
বাংলাদেশের প্রতিনিধিদল জানায়, দেশের জলবায়ু অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, উপকূলীয় সুরক্ষা, কৃষি ও অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থের প্রয়োজন। এ অর্থের বড় অংশ আন্তর্জাতিক উৎস থেকে অনুদান হিসেবে পাওয়া জরুরি।
এলডিসি জোটের পক্ষ থেকে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন খাতে বার্ষিক অর্থায়ন ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবিও আলোচনায় আসে। বাংলাদেশ এ দাবির প্রতি সমর্থন জানায়।
এ ছাড়া গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি এবং অ্যাডাপটেশন ফান্ড থেকে সরাসরি অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করার দাবি জানায় বাংলাদেশ। তহবিলের আবেদন, অনুমোদন ও অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা কমানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণে প্রত্যাশা পূরণ হয়নি
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও তাপপ্রবাহের মতো দুর্যোগের মুখোমুখি হচ্ছে। এসব দুর্যোগে ঘরবাড়ি, কৃষিজমি, অবকাঠামো ও জীবিকার ব্যাপক ক্ষতি হচ্ছে।
এই ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতিসংঘের ‘ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ’ থেকে সহায়তা পাওয়ার প্রত্যাশা ছিল বাংলাদেশের। বিশেষ করে দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসন, জীবিকা পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি ক্ষতির জন্য অনুদান পাওয়ার বিষয়টি গুরুত্ব পায়।
বাংলাদেশের পক্ষ থেকে এ তহবিলে অর্থের পরিমাণ বাড়ানো, আবেদন প্রক্রিয়া সহজ করা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে দ্রুত অর্থ পৌঁছানোর দাবি জানানো হয়।
তবে এ ক্ষেত্রে বড় ধরনের নতুন আর্থিক প্রতিশ্রুতি আদায় সম্ভব হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কপ-৩১-এ ক্ষয়ক্ষতি তহবিলের জন্য নতুন অর্থ ঘোষণাও ছিল সীমিত। স্পেন ১৫ মিলিয়ন ইউরোর নতুন অর্থ ঘোষণা করে। ইউরোপীয় ইউনিয়ন ও ইতালি আগের প্রতিশ্রুতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে এগিয়ে নেয়।
বাংলাদেশের নিজস্ব ২ কোটি ডলারের একটি প্রকল্প প্রস্তাবও এ তহবিলে রয়েছে। উপকূলীয় বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। তবে সম্মেলন চলাকালে এটি প্রাথমিক যাচাই পর্যায়ে ছিল। ফলে এ প্রকল্পের অর্থ ছাড়কে কপ-৩১-এর নিশ্চিত প্রাপ্তি হিসেবে দেখার সুযোগ নেই।
অভিযোজন ও প্রযুক্তি হস্তান্তরে অগ্রগতি
সম্মেলনে জলবায়ু অভিযোজনের বৈশ্বিক লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে বেলেম অভিযোজন সূচকের ৫৯টি নির্দেশক বাস্তবায়নের বিষয়ে দেশগুলোর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও প্রয়োজন তুলে ধরার ব্যবস্থা এবং নির্দেশকগুলোর পদ্ধতিগত উন্নয়নে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া বাকু অভিযোজন রোডম্যাপ (২০২৬-২০২৮) বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বাড়ানো এবং অর্থায়নের সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের সমন্বয় জোরদারের বিষয়েও অগ্রগতি হয়েছে।
ক্ষয়ক্ষতি মোকাবিলায় ওয়ারশ ইন্টারন্যাশনাল মেকানিজম এবং সান্তিয়াগো নেটওয়ার্কের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
এসব সিদ্ধান্ত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, শুধু অর্থ পেলেই জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা সম্ভব নয়। আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, উপকূলীয় বাঁধ, লবণাক্ততা সহনশীল ফসল এবং দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রয়োজন।
বাংলাদেশের প্যাভিলিয়নে পাট ও পরিবেশবান্ধব পণ্যের প্রচার
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের নিজস্ব প্যাভিলিয়নও বিশেষ গুরুত্ব পায়। সেখানে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন কার্যক্রম, জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০), কার্বন কৌশল এবং স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা অর্জনের উদ্যোগ তুলে ধরা হয়।
বিশেষভাবে পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাট ও পাটজাত পণ্যের প্রচার করা হয়। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব পণ্যের সম্ভাবনা তুলে ধরাই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
১২ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান আনতালিয়ায় বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
এ ছাড়া বাংলাদেশের প্যাভিলিয়নে ৪০টির বেশি পার্শ্ব-আলোচনা ও অনুষ্ঠান আয়োজন করা হয়। এসব আয়োজনে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং সবুজ অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান জোরদার
কপ-৩১ বাংলাদেশের জন্য শুধু জলবায়ু অর্থায়নের সম্মেলন ছিল না, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণেরও একটি গুরুত্বপূর্ণ সুযোগ ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে জলবায়ু সহযোগিতা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ, কৃষি উন্নয়ন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয় আলোচনায় আসে। চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠকেও বিনিয়োগ ও জলবায়ু সহযোগিতার বিষয় গুরুত্ব পায়।
বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু কার্যক্রমের পাশাপাশি সবুজ শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, পাটজাত পণ্য এবং কার্বন ক্রেডিট বাজারে অংশগ্রহণের সম্ভাবনাও তুলে ধরা হয়।
বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ দেশে ফিরে জানান, বাংলাদেশ কার্বন ক্রেডিট বিক্রির সম্ভাবনা নিয়েও বিভিন্ন দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজ চলছে। তবে এখনো এ খাত থেকে কোনো নির্দিষ্ট আর্থিক আয় নিশ্চিত হয়নি।
চূড়ান্ত সিদ্ধান্তে অগ্রগতি, তবে বড় চুক্তি অধরা
কপ-৩১-এর সামগ্রিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি, স্বচ্ছতা এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দেশগুলো সিদ্ধান্তে পৌঁছেছে। ন্যায়সংগত জ্বালানি রূপান্তর নিয়েও গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে।
তবে সম্মেলনের অন্যতম বড় সীমাবদ্ধতা ছিল তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে প্রস্তাবিত প্রেসিডেন্সি-লেড ‘কভার ডিসিশন’ নিয়ে ঐকমত্য না হওয়া। শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং কয়েকটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ প্রস্তাবিত চুক্তির বিরোধিতা করে। ফলে সম্মেলনের সামগ্রিক রাজনৈতিক সমঝোতায় ঘাটতি থেকে যায়।
বিশেষ করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং অভিযোজন অর্থায়নের জন্য বড় অঙ্কের অর্থ নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। ক্ষয়ক্ষতি তহবিলেও নতুন অর্থের প্রতিশ্রুতি ছিল সীমিত।
প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব
বাংলাদেশের এবারের সম্মেলনে অর্জন ও সীমাবদ্ধতাগুলো কয়েকটি বিষয় দিয়ে মূল্যায়ন করা যায়।
বাংলাদেশের প্রত্যাশাসম্মেলনে প্রাপ্তিঅনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নপ্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিতঅভিযোজন খাতে অর্থায়ন বৃদ্ধিআন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ও সিদ্ধান্তে অগ্রগতিক্ষয়ক্ষতির ক্ষতিপূরণতহবিলের কার্যক্রম সহজ করার উদ্যোগ, তবে বড় নতুন অর্থায়ন অধরাপ্রযুক্তি হস্তান্তরপ্রযুক্তি ব্যবহারে সহযোগিতা ও বাস্তবায়ন কাঠামোয় অগ্রগতিনবায়নযোগ্য জ্বালানিন্যায়সংগত জ্বালানি রূপান্তর নিয়ে সমঝোতাআন্তর্জাতিক কূটনৈতিক সহযোগিতাবিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা ও সহযোগিতার সুযোগ
সামনে বাংলাদেশের করণীয়
বিশেষজ্ঞদের মতে, কপ-৩১ থেকে পাওয়া অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতাকে বাস্তব উন্নয়নে রূপান্তর করাই এখন বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ। শুধু সম্মেলনে দাবি উত্থাপন কিংবা অনুদানের প্রতিশ্রুতি আদায় করলেই হবে না; সেই অর্থ দ্রুত ছাড় এবং কার্যকরভাবে ব্যয়ের ব্যবস্থা করতে হবে।
বিশেষ করে উপকূলীয় এলাকার অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন রোধ, জলবায়ু সহনশীল কৃষি, নিরাপদ পানির ব্যবস্থা, দুর্যোগের আগাম সতর্কীকরণ এবং জলবায়ু বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনে অর্থায়নকে অগ্রাধিকার দিতে হবে।
একই সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশের (এলডিসি) সুবিধা বজায় থাকার সময়টিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে অর্থ পাওয়ার কার্যকর প্রকল্প প্রস্তুত করা জরুরি। বাংলাদেশের এলডিসি উত্তরণ ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হওয়ায় এ সময়কে কাজে লাগানোর সুযোগ রয়েছে।
সব মিলিয়ে, কপ-৩১ বাংলাদেশের জন্য একদিকে কূটনৈতিক সাফল্য, অন্যদিকে অসম্পূর্ণ প্রত্যাশার সম্মেলন। প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত হওয়া নিঃসন্দেহে উল্লেখযোগ্য অর্জন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের অবস্থানকে দৃশ্যমান করেছে। অভিযোজন ও প্রযুক্তিগত সহযোগিতায়ও কিছু অগ্রগতি হয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের যে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে, তার তুলনায় এই অর্থ খুবই সামান্য। তাই এবারের সম্মেলনের প্রকৃত সাফল্য নির্ভর করবে প্রতিশ্রুত অর্থের কার্যকর ছাড়, আন্তর্জাতিক সহযোগিতার বাস্তবায়ন এবং জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের জীবন ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করার ওপর।
সম্পাদনা-সংক্রান্ত নোট: প্রতিবেদনটি ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি। ৭৮৪ কোটি টাকা নিশ্চিত অনুদান; অতিরিক্ত ২৭৩ কোটি টাকা শর্তসাপেক্ষ সম্ভাব্য অর্থ। এ দুটিকে এক করে নিশ্চিত প্রাপ্তি হিসেবে দেখানো হয়নি।
এসএস