ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আইনজীবী হিসেবে সনদ নিয়ে আইন পেশার বাইরে চাকরি, ব্যবসা বা অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ, সতর্কবার্তা দেওয়া এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উচ্চপর্যায়ের তদন্ত বা সতর্কতা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

আদেশে বাংলাদেশ বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। একই সঙ্গে বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় দ্বৈত পেশায় নিয়োজিত আইনজীবীদের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া গত ২৬ অক্টোবর এ রিট আবেদন করেন। আইনজীবী হিসেবে সনদ নিয়ে আইন পেশার বাইরে চাকরি, ব্যবসা কিংবা অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে তিনি আদালতের দ্বারস্থ হন।

আদালতে রিটের পক্ষে নিজেই শুনানি করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান।

রিট আবেদনকারী আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া প্রথম আলোকে বলেন, উচ্চপর্যায়ের তদন্ত বা সতর্কতা কমিটি গঠনের পাশাপাশি দ্বৈত পেশায় নিয়োজিত আইনজীবীদের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্টদের আইনজীবী হিসেবে সনদ বা লাইসেন্স সমর্পণ করতে অথবা অন্য পেশা ও ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকতে সতর্ক করা হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে হবে।

এর আগে আইন পেশার সনদ নিয়ে অন্য পেশা বা ব্যবসায় নিয়োজিত আইনজীবীদের বিরুদ্ধে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল আদেশ, ১৯৭২-এর ৭০ অনুচ্ছেদ ও আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন করেছিলেন ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া। ২০২৩ সালের ৩০ জানুয়ারি তিনি বার কাউন্সিলের সচিব বরাবর ওই আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, আইন পেশার মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। তবে অনেক আইনজীবী সনদ নেওয়ার পর আইন পেশার পাশাপাশি বিভিন্ন ব্যবসা-বাণিজ্য, চাকরি ও ঠিকাদারি কার্যক্রমে যুক্ত হচ্ছেন। কেউ কেউ আদম ব্যবসা, গাড়ির শোরুম, পরিবহন, ইট-বালু-সিমেন্টের ব্যবসা, মোবাইল ফ্লেক্সিলোড ও বিকাশ এজেন্টের ব্যবসাও পরিচালনা করছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এ ছাড়া আইনজীবী হিসেবে সনদ সমর্পণ না করে বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক, বিমা ও ইনস্যুরেন্স কোম্পানি, ওষুধের ফার্মেসি এবং মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে পূর্ণকালীন বা খণ্ডকালীন চাকরিতে নিয়োজিত থাকার অভিযোগও তুলে ধরা হয়।

ওই আবেদনের বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় গত ১২ আগস্ট বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানদের আইনি নোটিশ পাঠান রিট আবেদনকারী। পরে ২০২৩ সালের ৩০ জানুয়ারি করা আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন।

আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া জানান, রুলে ২০২৩ সালের ৩০ জানুয়ারি করা আবেদন নিষ্পত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝