ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘আসবো, আসবো’ ঘোষণা নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার সব সময় সতর্ক রয়েছে এবং কোনো ধরনের চাপে নেই। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তবে দলটি নিষিদ্ধ হবে কি না, সে সিদ্ধান্ত আদালতের।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সরকার আগেই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছে। রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো স্বীকৃতি নেই এবং বাংলাদেশের মানুষও তাদের স্বীকৃতি দেবে না।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে এবং দলটির নেতারা দেশ ছেড়ে পালিয়ে নিজেদের আশ্রয়স্থলে অবস্থান নিয়েছেন। এ বিষয়ে সরকারের নতুন করে কিছু বলার নেই।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণহত্যা চালানো অপশক্তি, মাফিয়া শক্তি, ফ্যাসিস্ট গোষ্ঠী ও অগণতান্ত্রিক শক্তি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। বিশ্বের ইতিহাসে এ ধরনের ঘটনার নজির রয়েছে। জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টেনে তিনি বলেন, তারাও আর কখনো রাজনীতি করতে পারেনি।
তিনি বলেন, জাতীয় সংসদেও তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট গোষ্ঠী ও ফ্যাসিবাদী মাফিয়া শক্তি আর কখনো বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করতে পারবে না। গণতান্ত্রিক আচরণ কিংবা গণতান্ত্রিক রাজনীতি করার সক্ষমতাও তাদের নেই।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া যেতে পারে। এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে চিঠি পাঠানো হয়েছে। দেশটি আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
এসএস