ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যেসব কারণে জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ, শুনানি আজ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়া এবং আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতির ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য এই আবেদন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতির রিমান্ড শুনানি বুধবার বিকেল ৩টায় আদালতের কার্যতালিকায় উঠতে পারে।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় জ্যোতির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। ওই আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে তার ভূমিকা যাচাই এবং অন্যদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

মামলার এজাহারে জ্যোতিকা পাল জ্যোতিকে ২১৬ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশের আবেদনে বলা হয়েছে, এজাহারে নাম থাকা ২০ জন আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে জ্যোতিও একজন।

আন্দোলনকারীদের ওপর গুলির অভিযোগ

রিমান্ড আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ভাটারা থানার সামনের সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালান বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, ওই ঘটনায় মামলার বাদী ডান পায়ে গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন ও সাংবাদিকেরা তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয় তাকে।

পুলিশের দাবি, ওই ঘটনায় জ্যোতিসহ এজাহারভুক্ত কয়েকজন আসামি আন্দোলন দমনে বিপুল পরিমাণ অর্থের জোগান দেন। এছাড়া আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় তার কথিত সংশ্লিষ্টতার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

বাসা থেকে গ্রেফতার

রিমান্ড আবেদনের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর রাত আনুমানিক ৩টার দিকে রাজধানীর উত্তরা সেক্টর-১৮-এর একটি বাসা থেকে জ্যোতিকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। পরে তাকে ভাটারা থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

মামলাটি ভাটারা থানার ২০২৫ সালের ৩ মে তারিখের একটি এজাহারের ভিত্তিতে করা। এতে দণ্ডবিধির ১৪৩, ১৪৯, ৩২৬, ৩০৭, ৩৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

যেসব কারণে রিমান্ড চায় পুলিশ

রিমান্ড আবেদনে পুলিশ পাঁচটি কারণ উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে, মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের পূর্ণাঙ্গ পরিচয় ও অবস্থান শনাক্ত করা, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের ভূমিকা এবং পারস্পরিক যোগাযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করা।

এছাড়া আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামতের বিষয়ে তথ্য সংগ্রহ, জ্যোতির কথিত সংশ্লিষ্টতা যাচাই এবং আন্দোলন দমনে অর্থের জোগান ও সমন্বয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেছে পুলিশ।

আবেদনে ১০ দিনের রিমান্ড চাওয়া হলেও এর একটি অংশে পাঁচদিনের রিমান্ডের প্রয়োজনীয়তার কথা উল্লেখ রয়েছে। আদালত শুনানি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

এদিকে রিমান্ড আবেদনে আনা অভিযোগগুলোর বিষয়ে জ্যোতিকা পাল জ্যোতির আইনজীবীর বক্তব্য পাওয়া যায়নি।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝