গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন যোগাযোগ ও পুড়ে যাওয়া দুটি থানার কার্যক্রম এখনই চালু হচ্ছে না। একই সঙ্গে জেলাটিতে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ, মহড়া ও নাশকতার পর থেকে জেলার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এই অবস্থান নিয়েছে।
রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নাশকতার আশঙ্কা থাকায় এখনই গোপালগঞ্জে ট্রেন চালুর বিষয়ে ভাবা হচ্ছে না; পরিস্থিতি স্বাভাবিক হলেই এ উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে পুড়ে যাওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা চালুর বিষয়ে স্থানীয়দের অনুরোধ থাকলেও তা সচল করতে আরও সময় লাগবে। আপাতত এ দুটি থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে থানা দুটি সংস্কারের কাজ শুরু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যে বরাদ্দ দেওয়া হয়, তার মধ্যে গোপালগঞ্জে তৃতীয় কিস্তির অর্থ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাধারণত চার কিস্তিতে এই সহায়তা দেওয়া হয়; সে অনুযায়ী গোপালগঞ্জের ক্ষেত্রে জানুয়ারি থেকে মার্চ কিস্তির অর্থ ছাড় বন্ধ থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানান, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ের এখতিয়ারে রয়েছে। পুড়ে যাওয়া থানার পুলিশ সদস্যরা জেলাতেই কর্মরত আছেন, তবে কবে নাগাদ ওই দুই থানার কার্যক্রম চালু হবে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। মুকসুদপুরের ইউএনও মাহমুদ আশিক কবিরও জানিয়েছেন, থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি এবং ট্রেন সেবা চালুর ক্ষেত্রেও সময় লাগবে।
গত ১৫ নভেম্বর লগি-বইঠা, রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। ওই দিন পুলিশের একটি এপিসিতে আগুন ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর, বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং দুটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এরপর ১৫ নভেম্বর থেকেই গোপালগঞ্জের সঙ্গে অন্যান্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।
সূত্র অনুযায়ী, ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার পর থেকে স্বাভাবিক সেবা বন্ধ থাকায় সাধারণ ডায়েরি ও মামলা করতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে ২৩ নভেম্বর পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে সরকার বলপ্রয়োগ করবে না এবং কোনো মারণাস্ত্রও ব্যবহার করা হবে না। রাস্তা কেটে অবরোধ বা কারও বাড়িঘরে হামলার ঘটনা ঘটলেও সরকারের অবস্থান একই থাকবে বলে জানান তিনি।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগে গোপালগঞ্জে দিনে পাঁচটি ট্রেন চলাচল করত। এর মধ্যে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ভোর ৬টায় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে গিয়ে রাত সাড়ে ১০টার মধ্যে ফিরত। এ ছাড়া ঢাকা-গোপালগঞ্জ পথে ‘অভিযাত্রী কমিউটার ট্রেন’, গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে ঢাকা-বেনাপোল পথে ‘রূপসী বাংলা’, ঢাকা-খুলনা পথে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া পর্যন্ত ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ চলাচল করত। ১৫ নভেম্বর থেকে সবকটি ট্রেন বন্ধ রয়েছে।
কম সময় ও কম খরচে ঢাকায় যাতায়াতের জন্য বাসের বদলে ট্রেন ব্যবহার করা বাসিন্দারা এতে বিপাকে পড়েছেন; সেবা চালুর বিষয়ে কেউ কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগও করছেন।
টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দা শিউলী বেগম বলেন, “রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের মাশুল দিতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষকে। ট্রেন চলাচল বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে বা চিকিৎসার জন্য ঢাকায় যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে; সময় ও খরচ দুটোই বেড়ে গেছে। তাছাড়া এলাকার থানা বন্ধ থাকায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি, কোনো বিপদে পড়লে তাৎক্ষণিক আইনি সহায়তা নেওয়ার সুযোগ পাচ্ছি না।”
মুকসুদপুর বাজারের ব্যবসায়ী বিমল সাহা বলেন, “সরকারি সেবা দীর্ঘদিন বন্ধ থাকলে জনজীবন স্থবির হয়ে পড়ে। এর মধ্যে আবার জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি বরাদ্দ স্থগিত রাখা হলে রাস্তাঘাট ও অবকাঠামোসহ সব ধরনের উন্নয়নমূলক কাজ থমকে যাবে। এভাবে চলতে থাকলে আমাদের জেলা উন্নয়ন থেকে অনেকটা পিছিয়ে পড়বে। সাধারণ মানুষের কথা ভেবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে সব সেবা ও বরাদ্দ চালু করা উচিত।”
সংশ্লিষ্ট সূত্র বলছে, রেলপথ মন্ত্রণালয় থেকে ট্রেন চালুর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও নিরাপত্তার স্বার্থে তা এখনই শুরু না করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক কর্মসূচি থাকায় নতুন করে হামলা-ভাঙচুর ও পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব সেবা চালুর সম্ভাবনা নেই।
এসএ