প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অনুমোদনের জন্য মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে চারটি নতুন এবং আটটি সংশোধিত প্রকল্প। সংশোধিত প্রকল্পগুলোর ব্যয় ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব নিয়েও আলোচনা হবে। পাশাপাশি পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত আরও সাতটি প্রকল্পের বিষয়ে একনেককে অবহিত করা হবে।
আলোচ্যসূচির শুরুতে রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুটি প্রকল্প। এগুলো হলো—কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধন এবং খুলনার পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন।
স্বাস্থ্যসেবা বিভাগের দুটি প্রকল্পও রয়েছে আলোচনায়। এর মধ্যে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণসহ জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন প্রস্তাব রয়েছে।
এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ প্রকল্প আলোচনায় রয়েছে।
স্থানীয় সরকার বিভাগের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাগুলো টেকসই করার লক্ষ্যে হেরিং বোন বন্ডকরণ (এইচবিবি) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ সংশোধন প্রস্তাবও উপস্থাপন করা হবে।
বিদ্যুৎ বিভাগের দুটি প্রকল্প রয়েছে আলোচ্যসূচিতে। এগুলো হলো—আরইবির আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে আরইবির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন।
অন্যদিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বরিশাল (দিনারেরপুল)-লক্ষ্মীপাশা-দুমকি সড়কের ২৭তম কিলোমিটারে পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধন প্রস্তাবও সভায় উপস্থাপন করা হবে।
এদিকে পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত সাতটি প্রকল্পের বিষয়ে একনেককে অবহিত করা হবে। এর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে। এগুলো হলো—চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প।
কৃষি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগারে রূপান্তর প্রকল্পও রয়েছে এ তালিকায়।
এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
অন্য দুটি প্রকল্প হলো স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ শক্তিশালীকরণ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ভান্ডারিয়া, পিরোজপুর স্থাপন প্রকল্প।
বৈঠকে প্রকল্পগুলোর বাস্তবায়ন, ব্যয় বৃদ্ধি ও মেয়াদ সম্প্রসারণের প্রস্তাব নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।