গোপালগঞ্জে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের যোগান এবং আর্থিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে আওয়ামী লীগের নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল আর্থিক সেবার লেনদেনের তথ্যও পর্যালোচনা করা হচ্ছে।
এ তালিকায় সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাতুন নাহারের নাম রয়েছে। এ ছাড়া গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা ও স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আর্থিক অনুসন্ধানের আওতায় রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন এবং মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার।
এ ছাড়া মুকসুদপুরের সাবেক চেয়ারম্যান মো. কাবির মিয়া, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সভাপতি ভবেন্দ্র নাথ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখ এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মোক্তার হোসেনের নামও রয়েছে তালিকায়। মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছাও এ অনুসন্ধানের আওতায় রয়েছেন।
এনবিআরের একাধিক গোয়েন্দা ইউনিট যৌথভাবে এসব আর্থিক লেনদেনের তথ্য যাচাই করছে। অনুসন্ধানে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর নথি, আয়ের উৎস, ব্যাংক লেনদেন এবং ঘোষিত আয়ের সঙ্গে প্রকৃত আর্থিক কর্মকাণ্ডের সামঞ্জস্য পরীক্ষা করা হচ্ছে।
শুধু ব্যাংক হিসাব নয়, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার লেনদেনও নজরদারিতে রাখা হয়েছে। সহিংসতার ঘটনায় অর্থায়নের অভিযোগে চারটি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রের দাবি, গোপালগঞ্জে সাম্প্রতিক আন্দোলন ও সহিংসতার সময় কয়েকজনের রাজনৈতিক তৎপরতা এবং অর্থনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতেই আর্থিক অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে যাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে, তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এখনো তদন্তের বিষয়। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কারও অপরাধ প্রমাণিত হয়েছে বলে ধরে নেওয়ার সুযোগ নেই।
গোপালগঞ্জের সহিংসতার পেছনে অর্থের উৎস ও অর্থায়নের নেটওয়ার্ক শনাক্ত করতেই এই আর্থিক অনুসন্ধান চালানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এফএস