ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুবলীগ নেত্রীকে বাসায় ডাকা সেই ওসি প্রত্যাহার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম
X

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির ফোনালাপের দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ওসির বাসায় যাওয়ার অনুরোধ, মামলা, দুই লাখ টাকা এবং গ্রেপ্তারের পর বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের কথোপকথন শোনা যায়। এ ঘটনায় বুধবার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে অডিও দুটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। ছড়িয়ে পড়া একটি অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দ্রুত তাঁর বাংলোতে যেতে বলেন ওসি ফয়জুল আজিম নোমান। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’

ওসির বাসায় যেতে কোনো সমস্যা হবে কি না, জানতে চান তাসকিরা তানিন সনি। জবাবে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ কথোপকথনের একপর্যায়ে ওই নারী নেত্রী ওসিকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন বলেও অডিওতে শোনা যায়।

অন্য একটি অডিওতে তাসকিরা তাঁর বিরুদ্ধে করা মামলা, কারাবাস, জামিন পেতে দুই লাখ টাকা ব্যয় এবং আর্থিক ক্ষতির বিষয় তুলে ধরেন। অন্যদিকে, রাজনীতি, ব্যক্তিস্বার্থ ও অর্থনৈতিক বিষয়গুলোর বাইরে গিয়ে যোগাযোগ বজায় রাখার কথা বলেন ওসি। এ ছাড়া দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানানোর কথা ওসি বলেছেন বলে অভিযোগ করেন ওই নারী নেত্রী। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওসি।

এর আগে গত ১০ নভেম্বর দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্ত হওয়ার পর তাঁদের ফোনালাপের অডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে, অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তাসকিরা তানিন সনি। তাঁর দাবি, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন এবং তাঁকে আলিঙ্গন করার অনুরোধ জানান। এসব অভিযোগের প্রতিকারও দাবি করেন তিনি।

তবে তাসকিরার তোলা অভিযোগ অস্বীকার করেছেন ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান। ফোনালাপে নিজের কণ্ঠ ও কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, আসামিকে গ্রেপ্তারের জন্য তিনি ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুঃ সাইফুল ইসলাম বলেন, দাগনভূঞা থানার ওসির কল রেকর্ডের বিষয়টি পুলিশের নজরে এসেছে। অডিওতে থাকা কথোপকথন তাঁর কি না, তা যাচাইয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক কারণে ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে ফেনীর পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝