পাবনা সদর উপজেলার শ্রীকোল বাজারে অবৈধভাবে সার মজুতের অভিযোগে অভিযান চালিয়ে ৪৬৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তিন সার ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে এ অভিযান চালানো হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী বাচ্চু মল্লিক, মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী হেলাল মোল্লা এবং আসাদুজ্জামান কামাল। তাঁদের মধ্যে বাচ্চু মল্লিককে ২০ হাজার টাকা এবং হেলাল মোল্লা ও আসাদুজ্জামান কামালকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এনএসআই পাবনার উপপরিচালক এবিএম লুৎফুল কবির জানান, অবৈধভাবে সার মজুতের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের আট থেকে ১০টি গোডাউনে গোপনে মজুত করে রাখা ৪৬৬ বস্তা সার উদ্ধার করা হয়। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার ইসলাম নাফিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করেন।
জব্দ করা সারের মধ্যে ১২ বস্তা ইউরিয়া, ৩৮৯ বস্তা ডিএপি ও ৬৫ বস্তা এমওপি সার রয়েছে। পরে এসব সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এবিএম লুৎফুল কবিরের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম ও আতাইকুলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএস