ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পিরোজপুর কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ১৩৫তম আবির্ভাব উৎসব শুরু, চলবে ৫দিন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরমপূজ্যপাদ শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উপলক্ষে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী রাস উৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বুধবার (২৫ নভেম্বর) উপজেলার শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে এ উৎসবের সূচনা হয়। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলবে মূল ধর্মীয় অনুষ্ঠান।
‎
‎উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত, পুণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা অংশ নিচ্ছেন। ভারত ও নেপালসহ বিভিন্ন স্থান থেকেও ভক্তদের সমাগম ঘটেছে।
‎
‎বুধবার সকালে কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ আশ্রম প্রাঙ্গণে সঙ্ঘের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়।
‎
‎এতে অংশ নেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় আশ্রমের নির্বাহী সভাপতি পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট কমল দত্ত, সাংগঠনিক সম্পাদক শ্রী ভক্ত স্বর্ণকার ও কেন্দ্রীয় কমিটির কর্মীপ্রধান শ্রী রতন লাল করসহ আশ্রমের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মকর্তা, ভক্ত ও পুণ্যার্থীরা।
‎
‎উৎসবকে কেন্দ্র করে আশ্রমসংলগ্ন মাঠে বসেছে মাসব্যাপী গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, কাঠ ও আসবাবপত্রের দোকান, নাগরদোলাসহ শিশু-কিশোরদের বিনোদনের নানা আয়োজন রয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদেরও ভিড় জমেছে।
‎
‎উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন শ্রীগুরু সঙ্ঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল।
‎
‎উৎসবের সার্বিক পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারকে আহ্বায়ক এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
‎
জেএইচএফ/এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝