ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জঙ্গল সলিমপুরে নতুন করে সন্ত্রাসের আস্তানা গড়তে দেওয়া হবে না: ডিআইজি
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নতুন করে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আস্তানা গড়তে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক। একই সঙ্গে ডিসেম্বর ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুনির্দিষ্ট আশঙ্কা না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিআইজি।

তিনি বলেন, র‍্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে এলাকায় নিয়মিত যৌথ টহল পরিচালিত হচ্ছে। কোনো অবস্থাতেই নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। অপরাধীদেরও সেখানে আশ্রয় নিতে দেওয়া হবে না। যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখা পুলিশের দায়িত্ব।

জঙ্গল সলিমপুরের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মোহাম্মদ শামসুল হক বলেন, এলাকার মানুষ এখন শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তাঁদের দৈনন্দিন কার্যক্রম ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রয়েছে। এরপরও কারও কোনো সমস্যা থাকলে তা শুনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করতে চায়। মানুষের যাতে কোনো সমস্যা বা ক্ষতি না হয়, সেটিই পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।

এলাকার উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ডিআইজি বলেন, সরকার গৃহীত পরিকল্পনাগুলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে। তবে সবকিছুর ঊর্ধ্বে জনগণের স্বার্থ ও কল্যাণকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সড়ক নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই এলাকায় ইতিবাচক পরিবর্তন এসেছে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সড়ক নির্মাণ সম্পন্ন হলে মানুষের যাতায়াত, জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ এবং শহরের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট হয়ে বসে থাকার সুযোগ নেই। পরিস্থিতি আরও ভালো করার লক্ষ্য নিয়ে পুলিশ কাজ করছে।

ফটিকছড়িতে সাম্প্রতিক সন্ত্রাসী তৎপরতা ও অস্ত্র উদ্ধারের বিষয়ে ডিআইজি বলেন, সেখানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে সব অস্ত্র উদ্ধার হয়েছে, এমন দাবি করছে না পুলিশ। এটি একটি চলমান প্রক্রিয়া। অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য সরকার পুরস্কার ঘোষণা করেছে। সঠিক তথ্য দিলে তাঁদের যথাযথভাবে পুরস্কৃত করা হবে।

আলোচিত সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, তাঁকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। চট্টগ্রামের পুলিশ সুপার বিষয়টিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে নিয়ে কাজ করছেন। এরই মধ্যে রায়হানের সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতাকেও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও জনসংযোগ) মো. রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝