ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চবিতে নারী শিক্ষার্থীকে আটকে মাকড়সা দিয়ে ভয় দেখানোর অভিযোগ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয়-২৪ হলের একটি কক্ষে এক নারী শিক্ষার্থীকে আটকে রেখে তাঁর পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে একই হলের তিন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান তাঁর রুমমেটরা।

অভিযুক্ত তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। অন্যদিকে, ভুক্তভোগী ওই হলের আবাসিক এবং বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও হল প্রশাসন সূত্রে জানা যায়, বিজয়-২৪ হলের নিচতলার একটি কক্ষে থাকেন ভুক্তভোগী শিক্ষার্থী। ঘটনার রাতে তিন সিনিয়র শিক্ষার্থী তাঁকে নিজেদের কক্ষে ডেকে নেন। সেখানে দরজা বন্ধ করে তাঁর পায়ের কাছে একটি মাকড়সা ছেড়ে দেওয়া হয়। এ সময় ভয়ে চিৎকার করে ওঠেন তিনি। কক্ষ থেকে বের হওয়ার সময় তাঁকে কটূক্তিও করা হয়। পরে আতঙ্কিত হয়ে তাঁর বমি ও বুকে ব্যথা শুরু হলে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

এ ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযোগে তিনি জানান, রাত ১০টার দিকে তিন শিক্ষার্থী তাঁকে ডেকে নিয়ে কক্ষের দরজা বন্ধ করে দেন। পরে আগে থেকে একটি বাটিতে বন্দী করে রাখা মাকড়সা তাঁর পায়ের কাছে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগে ওই শিক্ষার্থী আরও উল্লেখ করেন, মাকড়সার প্রতি তাঁর তীব্র ভীতির বিষয়টি হলের ব্লকের সবাই জানতেন। ফলে ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে করছেন তিনি। এ ঘটনার পর হলে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না—এ নিশ্চয়তাও দাবি করেন তিনি।

অন্যদিকে, একই সময়ে প্রক্টরের কাছে আবেদন করেন অভিযুক্ত তিন শিক্ষার্থী। তাঁরা দাবি করেন, মাকড়সার প্রতি ভুক্তভোগীর তীব্র ভীতির বিষয়টি তাঁদের জানা ছিল না। নিছক মজা করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে উল্লেখ করে তাঁরা ভুক্তভোগীর কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন।

এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ফিরোজা আক্তার খানম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তিনি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আবাসিক শিক্ষকেরা উভয় পক্ষকে নিয়ে বসেছিলেন। এ সময় অভিযুক্ত তিন শিক্ষার্থী তাঁর সামনে ক্ষমা চান। তাঁদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, অভিযুক্ত শিক্ষার্থীরা ঘটনাটির জন্য অনুতপ্ত। বুধবার আবারও এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝