ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে। এতে সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের একটি অংশ চুরি হয়েছে বলে নিশ্চিত করেছে ফিফা। তবে আলোচিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবসংক্রান্ত কোনো নথি এ ঘটনায় খোয়া যায়নি।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির ব্যর্থ পরিকল্পনা হিসেবে আলোচিত এই প্রস্তাব নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। চলতি সপ্তাহে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান ডেবি হিউইটকে শর্তসাপেক্ষে সংশ্লিষ্ট নথিগুলো দেখার অনুমতি দেওয়া হয়। এ জন্য তাকে একটি গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছিল।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার প্রযুক্তিগত ত্রুটি কিংবা সিস্টেমের দুর্বলতার সুযোগ নিয়ে এ হামলা চালানো হয়নি। বরং অপরাধীরা সংস্থাটির কর্মীদের পরিচয় ধারণ করে তাদের সুযোগ নিয়ে বিভিন্ন নথিতে প্রবেশাধিকার পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে ফিফা জানায়, অপরাধমূলক সাইবার হামলার মাধ্যমে সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের একটি সীমিত অংশে অননুমোদিত প্রবেশ ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে সংস্থাটি।
এদিকে, ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি অনলাইন হ্যাকার গোষ্ঠী এ তথ্য চুরির দায় স্বীকার করেছে। গত সপ্তাহে গোষ্ঠীটি ফিফার কয়েকটি নথির স্ক্রিনশট প্রকাশ করে। তাদের দাবি, সংস্থাটির কাছ থেকে ১২ গিগাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে তারা।
এসএস