ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিস্ফোরক মামলায় ডরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর
✎
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ পিএম আপডেট: ২৬.১১.২০২৬ ৬:৪৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ডরিন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত দলটির অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। মামলার অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তিনি দেশবিরোধী কর্মকাণ্ডে অংশ নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এসব কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়ার কথাও আবেদনে উল্লেখ করা হয়।

এ ছাড়া মামলার পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ডরিনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে জানান তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানার একটি টহল দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় তারা খবর পায়, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে এলাকায় আতঙ্ক ও নৈরাজ্য সৃষ্টি এবং জনসাধারণের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের সত্যতা পায়। পরে সেখান থেকে লাল টেপে মোড়ানো কৌটার মুখের পোড়া অংশ, কৌটার অন্যান্য অংশ, একটি ছোট টিনের টুকরা, ১২টি তারকাঁটা এবং একটি ছোট কাচের টুকরা জব্দ করা হয়।

এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝