রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। মাছটি ৬৬ হাজার টাকায় কিনে নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জার্মানিপ্রবাসী টুটুল কুন্ডু। একই দিন তিনি ৫ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বোয়াল এবং ৮ কেজি ওজনের একটি আইড় মাছও কিনেছেন। তিনটি মাছের জন্য তাঁকে মোট ১ লাখ ৫ হাজার ৬৪০ টাকা গুনতে হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে দৌলতদিয়া ঘাটের ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখের কাছ থেকে মাছ তিনটি কেনেন টুটুল। এর আগে পাঙাশটি স্থানীয় জেলে ছাত্তার হালদারের কাছ থেকে ৬৪ হাজার ৮০০ টাকায় কিনেছিলেন শাহজাহান।
স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোররাতে পদ্মা নদীতে মাছ ধরতে যান দৌলতদিয়ার ছাত্তার মেম্বারপাড়ার জেলে ছাত্তার হালদার। গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়ার কলাবাগান এলাকায় কারেন্ট জাল পেতে মাছের অপেক্ষা করছিলেন তিনি। একপর্যায়ে জালে বড় মাছ আটকা পড়েছে বুঝতে পেরে জাল টেনে নৌকায় তোলেন। এ সময় বড় আকারের পাঙাশটি দেখতে পান।
পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখের সঙ্গে যোগাযোগ করেন তিনি। শাহজাহানের আড়তে ওজন করে দেখা যায়, পাঙাশটির ওজন প্রায় ২৪ কেজি।
দরদাম শেষে শাহজাহান প্রতি কেজি ২ হাজার ৭০০ টাকা দরে মোট ৬৪ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন। পরে পরিচিতদের মাধ্যমে ক্রেতা খুঁজতে গিয়ে জার্মানিপ্রবাসী টুটুলের সঙ্গে যোগাযোগ করেন। তিনি মাছটি কেনার আগ্রহ দেখালে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে মোট ৬৬ হাজার টাকায় বিক্রি করেন শাহজাহান।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, জেলে ছাত্তার হালদার তাঁর আত্মীয়। এত বড় পাঙাশ জালে আটকা পড়ার পর তিনি তাঁকে খবর দেন। সকালে মাছটি আড়তে নিয়ে এলে দরদাম করে কিনে নেন। পরে জার্মানিপ্রবাসী ওই ক্রেতার সঙ্গে যোগাযোগ করলে তিনি মাছটি কেনার আগ্রহ প্রকাশ করেন।
শাহজাহান আরও বলেন, একই দিন দৌলতদিয়া ঘাট বাজারের রওশন মোল্লার আড়ত থেকে ৫ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকা দরে ১৩ হাজার ৫২০ টাকায় কেনেন তিনি। পরে প্রতি কেজিতে ১০০ টাকা লাভে মাছটি ১৪ হাজার ৪০ টাকায় টুটুলের কাছে বিক্রি করেন।
এ ছাড়া যমুনা নদীতে জেলে বাচ্চু হালদারের হাজারি বড়শিতে ধরা পড়ে প্রায় ৮ কেজি ওজনের একটি আইড় মাছ। সেটি প্রতি কেজি ৩ হাজার টাকা দরে ২৪ হাজার টাকায় কেনেন শাহজাহান। পরে প্রতি কেজিতে ২০০ টাকা লাভে মোট ২৫ হাজার ৬০০ টাকায় মাছটি ওই প্রবাসীর কাছে বিক্রি করেন তিনি।
পরে বৃহস্পতিবার সকালে ক্রেতার দেওয়া ঠিকানায় মাছ তিনটি পাঠিয়ে দেওয়া হয়।
এসএস