নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মো. সুমন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পত্নীতলা থানা পুলিশ। নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার সুমন নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের মো. ময়েন উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় সুমনকে আটক করে তার হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এসএস