গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সহসভাপতি বিএম হারুন-অর রশিদ পিনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কানাইপুরে অকোটেক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নাশকতা, যৌথ বাহিনীর সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগে পিনুকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।