সুনামগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে টহল, গোয়েন্দা তৎপরতা এবং নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ব্যাটালিয়নের আওতাধীন ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। নিয়মিত ও বিশেষ টহলের পাশাপাশি রাত্রিকালীন অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সীমান্ত নজরদারি আরও আধুনিক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এসব প্রযুক্তির আওতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। এ ছাড়া নাইট ভিশন ডিভাইস ও থার্মাল ড্রোন ব্যবহারের পাশাপাশি নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় নৌযান এবং অল-টেরেন ভেহিকেলের (এটিভি) মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে।
এদিকে, চলতি বছরে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ পণ্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ৮১ জন আসামিসহ আটটি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়। এ ছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং ১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
একই সময়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা প্রতিহত করে ১৬৩ জনকে আটকানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এসএস