বয়সভিত্তিক ক্রিকেটের কোচিং পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। অনূর্ধ্ব-১৫ দল থেকে শুরু করে প্রতিটি বিভাগে ক্রিকেটারদের উন্নতি ধরে রাখতে বদ্ধ পরিকর বিসিবি। সেই লক্ষ্যে নতুন কাঠামো করার পরিকল্পনা করছে বোর্ড।
ক্রিকবাজ জানিয়েছে, গতকাল বুধবার চুক্তিবদ্ধ কোচদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেখানে উপস্থিত ছিলেন গেম ডেভেলপমেন্ট বিভাগের উপদেষ্টা খালেদ মাহমুদ সুজন, হাই পারফরম্যান্স বিভাগের প্রধান মোহাম্মদ সালাউদ্দিন।
বৈঠকে মূল বক্তব্য উপস্থাপন করেন সালাউদ্দিন। তার মতে, বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ে কোচদের মধ্যে সমন্বয়ের অভাব দীর্ঘদিনের সমস্যা। ফলে এক পর্যায়ে ক্রিকেটারকে নিয়ে যে কাজ করা হয়, পরের ধাপে গিয়ে অনেক সময় একই কাজ আবার করতে হয়। নতুন পরিকল্পনায় এই পুনরাবৃত্তি বন্ধ করে ক্রিকেটারের উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে চান তারা।
সালাউদ্দিন বলেন, ‘আমরা চাই, একজন ক্রিকেটারকে বিভিন্ন বয়সভিত্তিক পর্যায়ে কীভাবে তৈরি করা হয়, সে সম্পর্কে প্রত্যেক কোচের পরিষ্কার ধারণা থাকুক। অনূর্ধ্ব-১৫ পর্যায়ে কোনো ক্রিকেটারকে নিয়ে যে কাজ করা হবে, অনূর্ধ্ব-১৭-তে গিয়ে যেন একই কাজ আবার করতে না হয়।’
নির্দিষ্ট তথ্য-উপাত্তকে গুরুত্ব দিতে চান সালাউদ্দিন, ‘ভিত্তি হবে সুনির্দিষ্ট তথ্য। একজন ক্রিকেটার এক ধাপ থেকে অন্য ধাপে গেলে তার উন্নতির গ্রাফ সম্পর্কে যেন পরবর্তী কোচের স্পষ্ট ধারণা থাকে।’
টিআই