বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন রাজধানী ঢাকায় বড় সমাবেশ করবে বিএনপি। আগামী ১ ডিসেম্বরের এই সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করবে দলটি। এতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রিজভী বলেন, ১ ডিসেম্বরের সমাবেশ সফল করতে প্রস্তুতি হিসেবে যৌথ সভার আয়োজন করা হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ঢাকার আশপাশের জেলার নেতারা অংশ নেন।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আবদুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের বিভিন্ন স্থাপনায় হামলা ও নাশকতা চালানো হচ্ছে।
নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
নাশকতা ও সহিংসতা মোকাবিলায় সরকারের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রতিবেশী দেশের একজন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের হুমকি মেনে নেওয়া হবে না।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রমিক দলের শ্রদ্ধা
এর আগে বৃহস্পতিবার সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতা-কর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের শ্রমিকদের জন্য নির্ধারিত নতুন মজুরি বেশি।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, কোনো আধিপত্যবাদী শক্তির সহায়তায় শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন প্রতিরোধে শ্রমিক, কৃষক ও ছাত্র-জনতা ঐক্যবদ্ধ রয়েছেন।
চার সংগঠনের সমাবেশ ও প্রতিবাদ মিছিলে রিজভী
এদিকে বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), তাঁতী দল, ওলামা দল ও মৎস্যজীবী দলের যৌথ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে অংশ নেন রুহুল কবির রিজভী।
সমাবেশে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ব্যাংক লুটপাট, অর্থ পাচার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শেখ হাসিনার নির্দেশে এখনো দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও নাশকতা চালানো হচ্ছে।
রিজভী আরও বলেন, আওয়ামী লীগ আবারও লুটপাট ও দমন-পীড়নের রাজনীতি নিয়ে ক্ষমতায় ফিরতে চায়। তবে জনগণ তাদের এই রাজনীতি মেনে নেবে না। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক বক্তব্য না দিতে ভারতের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
এসএস