শিক্ষার্থী সংখ্যা বেশি এবং পরীক্ষার ফলাফল ভালো এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নতুন ভবন দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অন্যদিকে, শিক্ষার্থী নেই কিংবা ফলাফল খারাপ এমন প্রতিষ্ঠান নতুন ভবন বরাদ্দ পাবে না বলে স্পষ্ট করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনে প্রশ্নপত্র ফাঁস, নকল কিংবা শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। পরীক্ষার খাতায় না লিখে নম্বর পাওয়ার কোনো সুযোগ থাকবে না। শিক্ষার্থীদের যথাযথভাবে পরীক্ষায় অংশ নিতে হবে। একই সঙ্গে শিক্ষকদের নিরপেক্ষভাবে উত্তরপত্র মূল্যায়ন করতে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষার্থীদের ফলাফল নির্ধারিত হবে।
তিনি আরও বলেন, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি। এ কারণে দ্বিতীয় দফায় অকৃতকার্য শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়েছে। এতে উত্তীর্ণ শিক্ষার্থী ও জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে।
এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি বেতন-ভাতা গ্রহণ করে শ্রেণিকক্ষের বাইরে কোচিং সেন্টারে পাঠদান করা যাবে না। শিক্ষকদের প্রধান দায়িত্ব শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করা। ক্লাস বাদ দিয়ে কোনো শিক্ষক মিছিল-মিটিংয়ে অংশ নিলে কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কার্যক্রমে জড়িত শিক্ষকদের পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এ ছাড়া বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসএস