দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি খামারি হিসেবেও জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটের লাখাউরায় প্রতিষ্ঠিত তাঁর ‘আফসা হক ডেইরি ফার্ম’-এর মাধ্যমে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এর স্বর্ণপদক অর্জন করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়।
সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের লাখাউরায় অবস্থিত আরিফুল হক চৌধুরীর প্রতিষ্ঠিত ‘আফসা হক ডেইরি ফার্ম’ দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত। খামারটিতে গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন প্রজাতির গবাদিপশু পালন করা হয়। খামার পরিচালনায় সাফল্য ও প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার পেয়েছেন।
পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি দেশের খামারিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি খামারিদের জন্য সরকারি প্রণোদনা ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। বিশেষ করে গোখাদ্যে ভর্তুকি দেওয়ার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
একদিকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন, অন্যদিকে কৃষি ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হিসেবে সম্পৃক্ততা—দুই পরিচয়ের সমন্বয়ে আরিফুল হক চৌধুরীর এ অর্জন ব্যতিক্রমী। তাঁর খামার জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় সিলেটের কৃষি ও প্রাণিসম্পদ খাতের অন্যান্য উদ্যোক্তারাও উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।
এসএস