ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি প্রধানমন্ত্রীর
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর শেরেবাংলা নগরে নতুন বাংলাদেশ সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর আগামী ১৬ ডিসেম্বর স্থাপন করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। বিজয় দিবসে ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। এতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতিকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগত অনুমোদন পায়। ওই বৈঠকে ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়েও আলোচনা হয়। পরে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি তাতে অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে নতুন সচিবালয় নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় তিনটি বেজমেন্টসহ ১৪টি ১২ তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব ভবনে মোট প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট জায়গা থাকবে। পাশাপাশি ৩ হাজার ৮০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে। প্রকল্প এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ে কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

তবে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের দাবি, পুরোনো বাণিজ্যমেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। আশির দশকে বাণিজ্যমেলার আয়োজনের জন্য সাময়িকভাবে জমিটি নেওয়া হলেও পরে বিশ্ববিদ্যালয়কে ফেরত দেওয়া হয়নি। মাঠটি কৃষিবিষয়ক গবেষণাসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। সেখানে সচিবালয় নির্মিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।

এ সিদ্ধান্তের প্রতিবাদে গত অক্টোবর ও নভেম্বর মাসে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে হাইকোর্টে রিট করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা। একই সঙ্গে প্রকল্পের কারণে পরিবেশের ক্ষতি এবং আশপাশের হাসপাতালগুলোর কার্যক্রমে সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

অন্যদিকে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দাবি, বিতর্কিত জমিটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, গণপূর্ত অধিদপ্তরের নামে রয়েছে। তবে জমির মালিকানা নিয়ে শিক্ষার্থীদের দাবিও খতিয়ে দেখার কথা জানিয়েছে মন্ত্রণালয়।

সরকারের পক্ষ থেকে সচিবালয় স্থানান্তরের পেছনে বর্তমান ভবনগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থা, জায়গার স্বল্পতা এবং প্রশাসনিক কার্যক্রম আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হচ্ছে। বর্তমানে আবদুল গণি রোডে ১৭ দশমিক ৫৭ একর জমির ওপর সচিবালয়ের ১৩টি ভবন রয়েছে। এর মধ্যে আটটি ভবন স্বাধীনতার আগে নির্মিত। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, পুরোনো ভবনগুলোর কয়েকটি ভূমিকম্প সহনশীল করে নির্মাণ করা হয়নি।

নতুন সচিবালয়ে কার্যক্রম শুরু হলে আবদুল গণি রোডের বর্তমান জায়গায় পুরান ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় এবং অধস্তন আদালতের কিছু কার্যক্রম স্থানান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝