ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গোপালগঞ্জে বিকাশ-রকেটসহ মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বন্ধ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম
X

গোপালগঞ্জে বিকাশ, রকেট, নগদ ও উপায়সহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন বন্ধ থাকার অভিযোগ উঠেছে। গত বুধবার রাত থেকে এসব সেবায় টাকা পাঠানো ও উত্তোলন করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন জেলার গ্রাহকরা। এতে আর্থিক লেনদেনের পাশাপাশি আয় কমেছে মোবাইল ব্যাংকিং এজেন্টদেরও।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকার এজেন্ট পয়েন্টে গিয়ে দেখা যায়, লেনদেন বন্ধের বার্তা পেয়ে টাকা পাঠাতে ও তুলতে আসা অনেক গ্রাহককে ফিরে যেতে হচ্ছে। জরুরি প্রয়োজনে অর্থ লেনদেন করতে না পেরে বিপাকে পড়েছেন অনেকে।

শহরের বাসিন্দা আরিফুল জানান, ধানের বীজ কেনার জন্য বাবার কাছে প্রায় সাত হাজার টাকা চেয়েছিলেন তিনি। কিন্তু বিকাশে লেনদেন বন্ধ থাকায় প্রয়োজনীয় অর্থ পাচ্ছেন না।

দুর্গাপুর গ্রামের ব্যবসায়ী পবিত্র বিশ্বাস জানান, ঢাকায় পড়াশোনা করা ছেলের মেসের খরচ পাঠাতে গিয়ে লেনদেন বন্ধের বার্তা পেয়েছেন। সাধারণ মানুষকে এভাবে ভোগান্তিতে ফেলা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

লেনদেন বন্ধ থাকায় আয় কমে যাওয়ার কথা জানিয়েছেন এজেন্ট ব্যবসায়ীরাও। এক বিকাশ এজেন্ট জানান, জেলার অধিকাংশ বিকাশ অ্যাকাউন্টে সমস্যা দেখা দেওয়ায় গ্রাহক আসছেন কম। একই ধরনের সমস্যা নগদ, রকেট ও উপায়ের কিছু অ্যাকাউন্টেও দেখা যাচ্ছে।

রকেটের এরিয়া ম্যানেজার হাবীবুর রহমান জানান, অ্যাকাউন্ট বন্ধ রাখার বিষয়ে তারা কোনো সরকারি বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত পাননি। তবে গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলা হয়েছে।

অন্যদিকে, বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজীব জানান, কোনো এজেন্ট নম্বর বন্ধ করা হয়নি। তবে গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে খোলা অধিকাংশ অ্যাকাউন্টে সমস্যা দেখা দিয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝