ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিজয় দিবসে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লের নির্দেশ: মাদ্রাসা শিক্ষা বোর্ড
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মহান বিজয় দিবস ২০২৬ উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর দেশের সব জেলা ও উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সকাল ৯টায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

এ ছাড়া জাতীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা এবং শহিদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (নভেম্বর ২৬) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার পর এ বিষয়ে অফিস আদেশ জারি করে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এবারের বিজয় দিবস উদযাপনে সরকার ১৯ দফা জাতীয় কর্মসূচি চূড়ান্ত করেছে। এসব কর্মসূচি বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

জাতীয় কর্মসূচি অনুযায়ী, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকা, সব জেলা ও উপজেলায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। ঢাকায় সূর্যোদয়ের নির্ধারিত সময় ভোর ৬টা ৩৩ মিনিট ৫৪ সেকেন্ড। এ সময় সরকারি-বেসরকারি ভবন, বিদেশে বাংলাদেশের মিশন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, উঁচু ভবন ও প্রধান সড়কগুলোও পতাকা ও আলোকসজ্জায় সাজানো হবে।

দিবসের শুরুতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, অন্যান্য মুক্তিযোদ্ধা ও বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা জানাবেন। প্রস্তুতির অংশ হিসেবে ১৩ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধ বন্ধ থাকবে। ১৬ ডিসেম্বর ভিভিআইপি ও ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ৮টার দিকে সাধারণ দর্শনার্থীদের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে। নিরাপত্তার কারণে ওই সময় পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল সীমিত রাখা হবে। সাভারগামী সড়কে অবৈধ দোকান, ব্যানার ও তোরণ স্থাপন করা যাবে না।

শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লের পাশাপাশি রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। সুবিধাজনক সময়ে এসব প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা রয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী বিজয়মেলার পাশাপাশি শিশু-কিশোরদের জন্য প্রীতি ফুটবল, টি-টোয়েন্টি ক্রিকেট, কাবাডি ও হা-ডু-ডু প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।

বিজয় দিবস উপলক্ষ্যে ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বেতার ও টেলিভিশনে মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান প্রচার করা হবে। ১৬ ডিসেম্বর প্রকাশ করা হবে বিশেষ ডাকটিকিট। শিক্ষার্থীদের বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ও প্রামাণ্যচিত্র দেখানোর ব্যবস্থা থাকবে। এ ছাড়া দেশের জাদুঘর, প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও বিনোদনকেন্দ্রগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে।

দিবসটি উপলক্ষ্যে সব জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে। বিকেলে বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম, খুলনা, মোংলা ও পায়রা বন্দরসহ ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জের পাগলা, বরিশাল ও চাঁদপুর ঘাটে নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম ও আশ্রয়কেন্দ্রে উন্নত খাবার পরিবেশন করা হবে। পর্যটনকেন্দ্রগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন থাকবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজস্ব উদ্যোগে শহিদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করতে বলা হয়েছে।

পুরো জাতীয় কর্মসূচি সমন্বয় করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কর্মসূচি বাস্তবায়ন ও তদারকির জন্য স্টিয়ারিং কমিটি, বাস্তবায়ন কমিটি এবং জাতীয় স্মৃতিসৌধে সশস্ত্র অভিবাদন, প্রচার, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পৃথক উপকমিটি গঠন করা হয়েছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝