ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যে অভিযোগে বাংলাদেশের ওপর শুল্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৪৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশসহ বড় ১৪ অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি। এতে বাংলাদেশের ওপর নতুন করে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

মূলত রপ্তানিমুখী শিল্পে অতিরিক্ত সক্ষমতা তৈরি, শ্রমিকদের কম মজুরি এবং চীনা কাঁচামালের ওপর অতি-নির্ভরতার অভিযোগে বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। ইউএসটিআরের সাম্প্রতিক এক তদন্ত প্রতিবেদনে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।

২০২৬ সালের ১১ মার্চ শুরু হওয়া ‘সেকশন ৩০১’ তদন্তের এই প্রতিবেদনটি গত ২৫ নভেম্বর প্রকাশ করা হয়। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, বাংলাদেশের সরকারি কিছু নীতি ও কার্যক্রম মুক্তবাজারের স্বাভাবিক নিয়মকে ব্যাহত করছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তদন্তে কী পাওয়া গেছে

ইউএসটিআরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারি পরিকল্পনার মাধ্যমে রপ্তানিমুখী খাতে বাজার চাহিদার চেয়ে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করেছে। বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি) খাতে এই প্রবণতা বেশি।

প্রতিবেদনে দাবি করা হয়, রপ্তানিকারকদের কর ছাড় ও নগদ প্রণোদনা দিয়ে কৃত্রিমভাবে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো হচ্ছে। ২০২৬ সালের জানুয়ারিতেও ৪৩টি খাতে নগদ সহায়তা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি, ইপিজেড ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতেও নানা আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে।

শ্রম অধিকার ও মজুরি নিয়ে প্রশ্ন

মার্কিন প্রতিবেদনে বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। এতে বলা হয়, এশিয়ার অন্যান্য পোশাক রপ্তানিকারক দেশের তুলনায় বাংলাদেশে শ্রমিকদের মজুরি অনেক কম। ২০২৬ সালের হিসাবে, প্রবেশ পর্যায়ে একজন পোশাক শ্রমিক মাসে ১২ হাজার ৫০০ টাকা মজুরি পান।

২০২৬ সালের এপ্রিলে বাংলাদেশে শ্রম আইন সংশোধন করে ট্রেড ইউনিয়ন গঠনের শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। মজুরি পর্যালোচনার সময়সীমাও পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। তবে ইউএসটিআর বলছে, ইপিজেডগুলোতে এখনো স্বাধীন ট্রেড ইউনিয়ন করার সুযোগ নেই। শ্রম আইন প্রয়োগেও ঘাটতি রয়েছে।

চীনা কাঁচামাল ও বিনিয়োগের প্রসঙ্গ

প্রতিবেদনে চীন থেকে কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির বিষয়টিকে অন্যতম বড় অভিযোগ হিসেবে দেখানো হয়েছে। ইউএসটিআরের তথ্যমতে, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে চীন থেকে বাংলাদেশের মধ্যবর্তী পণ্য আমদানি ৬৮ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট উৎপাদনমুখী রপ্তানিতে চীনের মূল্য সংযোজনের হার ২০১৭ সালের ২ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে ১১ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপনসহ চীনের সরাসরি বিনিয়োগ (এফডিআই) বাড়ার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে ব্যবহার করে মার্কিন শুল্ক এড়ানোর সুযোগ নিচ্ছে।

বাণিজ্য ঘাটতি ও যুক্তরাষ্ট্রের অবস্থান

ইউএসটিআর জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের সামগ্রিক ঘাটতি থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত বাড়ছে। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পণ্য বাণিজ্য উদ্বৃত্ত প্রায় সাত বিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থাৎ, ২০২৫ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যত টাকার পণ্য রপ্তানি করেছে, যুক্তরাষ্ট্র থেকে তার চেয়ে প্রায় ৭০০ কোটি ডলার কম মূল্যের পণ্য আমদানি করেছে। এতে তৈরি পোশাক ও বস্ত্র খাতের অবদানই ছিল সবচেয়ে বেশি।

তদন্তের সময় বাংলাদেশ ও চীন সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও দুই দেশ তাতে অংশ নেয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেকশন ৩০১ আইনের আওতায় যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ বা বাণিজ্য সুবিধা স্থগিতের মতো পদক্ষেপ নেওয়ার আইনি ভিত্তি পেয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

সূত্র: ইউএসটিআর

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝