ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি জোটের হামলা, পাল্টা আঘাত হুথিদের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের উপকূলে অবস্থিত গুরুত্বপূর্ণ হোদেইদা বন্দরে হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এর জবাবে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জাজান বন্দরে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সৌদি জোট জানায়, তারা হোদেইদা বন্দরের হুথিদের সামরিক সক্ষমতাসংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে বন্দরটিতে হামলার হুমকি দিয়ে হুথিদের পক্ষ থেকে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে পাল্টা আঘাতের সতর্কতা দেওয়া হয়েছিল।

হামলার পর হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের জেদ্দা ও জাজান বন্দরে পাল্টা অভিযান চালানো হয়েছে। তাঁর দাবি, দুটি হামলাতেই লক্ষ্যবস্তুতে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, জাজান বন্দরে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বা প্রক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। ব্যবহৃত অস্ত্রের ধরন শনাক্তে কাজ চলছে বলেও জানান তিনি।

লোহিত সাগরের তীরে অবস্থিত হোদেইদা ইয়েমেনের অন্যতম প্রধান বন্দর। হুথি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বড় অংশ এই বন্দরের মাধ্যমে প্রবেশ করে। আমদানিকৃত খাদ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশটির লাখ লাখ মানুষের জন্য বন্দরটি মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাইয়ে হুথিরা সৌদি বন্দরে অবরোধ ঘোষণার পর দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হয়। সেপ্টেম্বরে হুথিরা বাব আল-মান্দেব প্রণালির কাছে ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন কিছু এলাকা দখল করে নেয়। এর জবাবে গত মাসে সরকারি বাহিনী পাল্টা অভিযান চালিয়ে কয়েকটি এলাকা পুনর্দখল করে। তবে বিভিন্ন রণাঙ্গনে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে রাজধানী সানাসহ দেশটির বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে হুথিরা। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিমানবন্দর, বন্দর ও জ্বালানি স্থাপনায় হুথিদের হামলার পাশাপাশি ইয়েমেনে হুথি-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সৌদি জোটের বিমান হামলাও বেড়েছে।

সূত্র: আলজাজিরা, এএফপি।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝