ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাশিয়ার ৬৯ অঞ্চলে ভেপ বিক্রি বন্ধের উদ্যোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাশিয়ার তিন-চতুর্থাংশের বেশি অঞ্চলে ই-সিগারেট বা ভেপ এবং এর তরল উপাদান বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আগামী বছর থেকে এসব নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।


গত জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ডিক্রিতে স্বাক্ষর করেন। এর ফলে ২০২৭ সালের ১ মার্চ থেকে ২০৩২ সালের ১ মার্চ পর্যন্ত পাঁচ বছরের জন্য ভেপ পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা পায় দেশটির বিভিন্ন অঞ্চল।


এর আগে পার্ম অঞ্চল, উত্তর ওসেটিয়া প্রজাতন্ত্র, নিজনি নভগোরদ ও পেনজা অঞ্চলে ভেপ বিক্রিতে নিষেধাজ্ঞা কার্যকর ছিল।


রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের তথ্য অনুযায়ী, ইউক্রেনের সংযুক্ত করা অঞ্চলগুলোসহ রাশিয়ার অন্তত ৬৯টি অঞ্চল ভেপ ও এর তরল উপাদান খুচরা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে অথবা এ ধরনের নিষেধাজ্ঞার পরিকল্পনা ঘোষণা করেছে।


তবে নিষেধাজ্ঞা কার্যকরের পরিসংখ্যানে বিভিন্ন সংস্থার তথ্যে পার্থক্য রয়েছে। দেশটির অ্যালকোহল ও তামাক বাজার নিয়ন্ত্রণবিষয়ক ফেডারেল সংস্থা রোসআলকোগোলতাবাক্কন্ট্রোল জানিয়েছে, ২৫টি অঞ্চলে নিষেধাজ্ঞা অনুমোদিত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আঞ্চলিক প্রধানদের আইনি অনুমোদনে স্বাক্ষরের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে।


অন্যদিকে ব্যবসাবিষয়ক সংবাদমাধ্যম এক্সপার্টের হিসাবে, অন্তত ৪০টি অঞ্চলে এ ধরনের বিধিনিষেধ অনুমোদনের পর্যায়ে রয়েছে। মঙ্গলবার আরও পাঁচটি আঞ্চলিক আইনসভা ও গভর্নর নিষেধাজ্ঞা পাস করার পর এ সংখ্যা বেড়েছে।


অধিকাংশ অঞ্চলে আগামী ১ মার্চ থেকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে বুরিয়াতিয়া প্রজাতন্ত্রে আগামী ১ সেপ্টেম্বর থেকে তা কার্যকরের পরিকল্পনা করা হয়েছে।


এদিকে দেশটির কয়েকটি নাগরিক সংগঠন ভেপ পণ্যের উৎপাদন, আমদানি ও বিক্রির ওপর পুরোপুরি কেন্দ্রীয় নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে। পাশাপাশি এসব পণ্যের বিজ্ঞাপন প্রচারকারী ওয়েবসাইট বন্ধেরও আহ্বান জানিয়েছে তারা।


নিষেধাজ্ঞার পক্ষে থাকা ব্যক্তিরা ২০২৩-২৪ সালের শিক্ষার্থী জরিপের তথ্য তুলে ধরছেন। ওই জরিপ অনুযায়ী, রাশিয়ায় ১৫ থেকে ১৭ বছর বয়সী ছেলেদের ২৭ শতাংশ এবং মেয়েদের ২৩ দশমিক ৭ শতাংশ ই-সিগারেট ব্যবহার করে।


তাদের দাবি, ২০১৯ সালের তুলনায় প্রতিদিন ভেপ ব্যবহারের হার ছেলেদের মধ্যে আট গুণ এবং মেয়েদের মধ্যে ১০ গুণের বেশি বেড়েছে। ভেপকে মাদকাসক্তির প্রবেশপথ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবেও দেখছেন নিষেধাজ্ঞার সমর্থকেরা।


এফএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝